হোম জাতীয় চাকরি ফিরে পেতে হাইকোর্টে শরীফ

জাতীয় ডেস্ক :

চাকরি ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। রোববার (১৩ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন তিনি।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে এই রিটের শুনানি হবে বলে জানান তার আইনজীবী মিয়া মোহাম্মদ ইশতিয়াক।

এদিকে কর্মকর্তা শরীফ উদ্দিনকে অপসারণ এবং অভিযোগ পাল্টা অভিযোগের স্বাধীন অনুসন্ধানের নির্দেশনা চেয়ে ১০ আইনজীবীর করা রিটের বিষয়ে আগামী মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য রয়েছে। গত বৃহস্পতিবার শুনানি শেষে আদেশের জন্য ওই দিন ধার্য করা হয়।

এর আগে শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করে গত ১৬ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে দুদক কার্যালয়। এরপর শরীফ উদ্দিনের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ–পাল্টা অভিযোগের নিরপেক্ষ তদন্ত চেয়ে ২৩ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন ১০ আইনজীবী।

রিটকারী আইনজীবীরা হলেন- মোহাম্মদ শিশির মনির, রেজওয়ানা ফেরদৌস, জামিলুর রহমান খান, উত্তম কুমার বণিক, মোস্তাফিজুর রহমান, মো. তারেকুল ইসলাম, আহমেদ আবদুল্লাহ খান, সৈয়দ মোহাম্মদ রায়হান, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ নোয়াব আলী।

তার আগে শরীফ উদ্দিনের জীবনের নিরাপত্তা ও ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে চিঠি পাঠান ওই ১০ আইনজীবী। সেই সঙ্গে চিঠি দেওয়া হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও। পরে ওই চিঠির বিষয়টি আদালতে তুলে ধরেন আইনজীবী শিশির মনির। তখন আদালত তাকে বলেন, আমাদের মাধ্যমে সুয়োমোটো না করে আপনি আবেদন নিয়ে আসতে পারেন, যদি আপনি প্রকৃত অর্থে দুদকের ওই কার্যক্রম নিয়ে সংক্ষুব্ধ হয়ে থাকেন। কীভাবে সংক্ষুব্ধ হলেন ব্যাখ্যা দিয়ে আসুন। পরে সে অনুযায়ী রিট করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন