হোম আন্তর্জাতিক চাঁদে যেতে ফের প্রস্তুত নাসার ‘আর্টেমিস-১’

আন্তর্জাতিক ডেস্ক :

মাত্র ছয় দিনের ব্যবধানে আবারও ‘আর্টেমিস-১’ মহাকাশযান উৎক্ষেপণের চেষ্টা চালাতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা–নাসা। সংস্থাটির তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ১৭ মিনিটে চাঁদের কক্ষপথের দিকে রওনা হবে নভোচারীবিহীন ‘আর্টেমিস-১’।

এর আগে গত ২৯ আগস্ট এই মহাকাশযান উৎক্ষেপণের কথা ছিল। সে অনুযায়ী নেয়া হয়েছিল সব প্রস্তুতি। কিন্তু উৎক্ষেপণের কয়েক মিনিট আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় চন্দ্রাভিযান স্থগিত করে নাসা।

এ অভিযানের অন্যতম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাইক সারাফিন জানান, প্রযুক্তিগত কারণে গত সপ্তাহে আর্মেটিস-ওয়ানের উৎক্ষেপণ স্থগিত রাখা হয়েছিল। শনিবার আবার সেটি চাঁদের কক্ষপথে রওনা হবে। এবার সবকিছু ঠিক থাকবে বলে দাবি তার।

তিন ধাপের মিশনে প্রথম রকেটটি যাওয়ার কথা মানুষ ছাড়াই। ৩২২ ফুট লম্বা মেগা রকেট আর্টেমিস-১ বানাতে খরচ হয়েছে ৯৩ বিলিয়ন ডলার, যা এযাবৎকালে নাসার তৈরি সবচেয়ে শক্তিশালী রকেট বলে জানিয়েছে সংস্থাটি। নাসার এ অভিযান সফল হলে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পর আবারও চাঁদের বুকে পা রাখবে মানুষ।

১৯৬৯ সালে অ্যাপোলো মিশনের মাধ্যমে প্রথম চাঁদে মানুষ পাঠায় নাসা। ১২ মার্কিন নভোচারী চাঁদের বুকে পা রাখার পর ১৯৭২ সালে পর্দা নামে চন্দ্রবিজয়ের ধারাবাহিক অভিযানের। এরপর মহাকাশ গবেষণার অনেক অগ্রগতি হলেও চাঁদে আর কোনো মানুষের পা পড়েনি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন