হোম অর্থ ও বাণিজ্য গৌরব হারাচ্ছে সিলিকন ভ্যালি

বাণিজ্য ডেস্ক :

টেক কোম্পানির স্বর্গরাজ্য বলা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিকে। অ্যাপল, গুগল, ফেসবুকসহ বিশ্বের অনেক বড় বড় স্টার্টআপ ও টেক কোম্পানির জন্ম এই ক্যালিফোর্নিয়ায়। এ ছাড়াও অনেক বাঘা বাঘা কোম্পানির সদর দফতর এই সিলিকন ভ্যালিতে। তবে করোনা-পরবর্তী সময়ে সিলিকন ভ্যালি তার পুরোনো গৌরব হারাতে বসেছে।

গত বছর থেকে সিলিকন ভ্যালি ছাড়ছে বড় বড় টেক কোম্পানি। এদের সিংহভাগই পাড়ি জমাচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে। গত বছর থেকে চলতি সময় অবধি অস্টিনে এত বেশি পরিমাণে টেক কোম্পানি স্থানান্তরিত হয়েছে যে, বর্তমানে টেক্সাসের অস্টিনকে ‘সিলিকন হিলস’ বলে ডাকা হচ্ছে।

গত বছর বিশ্বের বৃহত্তম কম্পিউটার প্রস্তুতকারক কোম্পানি হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ (এইচপি) তাদের সদর দফতর ক্যালিফোর্নিয়ার সান হোসে থেকে টেক্সাসে সরানোর ঘোষণা করে।

ইতোমধ্যে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ওরাকল তাদের সদর দফতর ক্যালিফোর্নিয়ার রেডউড সিটি থেকে টেক্সাসের অস্টিনে স্থানান্তর করেছে। এ ছাড়া কোম্পানির সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ল্যারি এলিসনও ক্যালিফোর্নিয়া ছেড়ে হাওয়াইতে স্থানান্তরিত হয়েছেন।

এ ব্যাপারে ওরাকল জানিয়েছে, ‘আমরা বিশ্বাস করি যে এই স্থানান্তর কোম্পানির প্রবৃদ্ধিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে এবং আমাদের কর্মীদের তারা কোথায় ও কীভাবে কাজ করতে চায়, সে সম্পর্কে আরও নমনীয়তা প্রদান করবে।’

এ ছাড়া টেসলা ২০২০ সালেই ঘোষণা দিয়েছিল, তারা আর সিলিকন ভ্যালিতে থাকছেন না। এ ঘোষণার পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ১ ডিসেম্বর টেসলা আনুষ্ঠানিকভাবে তার সদর দফতর টেক্সাসের অস্টিনে স্থানান্তরিত করে। টেক্সাসে কোম্পানিটির একটি গিগাফ্যাক্টরি তৈরির কাজও চলমান।

এতে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, কোম্পানিগুলো সিলিকন ভ্যালি ছেড়ে যাচ্ছে কেন। এ ব্যাপারে বিশ্লেষকরা ক্যালিফোর্নিয়ার ফেডারেল সরকারকে দায়ী করছেন। ব্যবসায়ীরা বলছেন, অঙ্গরাজ্যটির বর্তমান ফেডারেল সরকার ব্যবসাবান্ধব নয়। এ ছাড়াও করোনাসময়ে অন্যান্য অঙ্গরাজ্য থেকে ক্যালিফোর্নিয়ায় বিধিনিষেধের পরিমাণ ছিল বেশি। এতে কোম্পানিগুলোর উৎপাদন ও গ্রাহকসংখ্যা কমে যায়।

অন্যদিকে করোনা-পরবর্তী সময়ে ক্যালিফোর্নিয়ায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে বহুগুণ। অঙ্গরাজ্যটির আবাসন ব্যয় অন্যান্য অঙ্গরাজ্য থেকে অনেক বেশি হওয়ায় কোম্পানিগুলোকে তাদের কর্মীদের বাড়তি বেতন দিতে হয়। করোনা-পরবর্তী সময়ে এই বাড়তি খরচ বহনে অনীহা প্রকাশ করেছে অনেক কোম্পানি। এর ফলে টেক কোম্পানিগুলো সিলিকন ভ্যালি ছেড়ে সিলিকন হিলসের দিকে ঝুঁকছে।

সূত্র: সিএনএন, ইনভেস্টোপেডিয়া

সম্পর্কিত পোস্ট

মতামত দিন