রাজনীতি ডেস্ক :
খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি মেনে না নিলে ক্ষমতাসীনদের অতীত সরকারের মতো পরিণতি হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৮ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের ব্যানারে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
এ অনুষ্ঠানে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সঙ্গে এখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলেছে বিএনপি। সংলাপ নয়, ক্ষমতাসীনদের পদত্যাগ করতে হবে বলেও জানান নেতারা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি উন্নত চিকিৎসা পাচ্ছেন না জানিয়ে নেতারা বলছেন, তার কিছু হলে সরকার পালাবার পথ পাবে না।
প্রেস ক্লাবে মিছিল, স্লোগান আর ব্যানার হাতে নেতাকর্মীদের অবস্থান। একদফা দাবি উন্নত চিকিৎসায় বিদেশে পাঠাতে হবে বেগম জিয়াকে। জাতীয় প্রেসক্লাবের সামনে সেই দাবিতে সমাবেশের আয়োজন করে বিএনপির সহযোগি সংগঠন নারী ও শিশু অধিকার ফোরাম। বিএনপি ছাড়াও এ সমাবেশ যোগ দেন বিশ দল ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বলেন, ঐক্যবদ্ধ কঠোর আন্দোলনেই দাবি আদায় করতে হবে।
এ সমাবেশে ফখরুল বলেন, বেগম জিয়া মুক্ত হলে জনগণের উত্তাল তরঙ্গে টিকতে পারবে না জেনেই তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না সরকার। বলেন, জনগণের রোষাণলে পড়বে জেনেই চরম অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না সরকার।
রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন মন্তব্য করে বিএনপি মহাসচিব দাবি করেন, বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, তবে সবার আগে বিদেশে পাঠাতে হবে বেগম জিয়াকে।
সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে লড়াই করারও আহ্বান জানান বিএনপির এ নেতা।
একই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আপস নয়, লড়াই করে বেগম জিয়াকে বিদেশে পাঠাতে হবে। সরকারের সময় শেষ, দিন গুণতে থাকুন, বিদায়ের ঘণ্টা বাজছে ক্ষমতাসীনদের।
খালেদা জিয়ার কিছু হলে পালাবার রাস্তা পাবে না ক্ষমতাসীনরা বলেও মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায়।
রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপির আরেক জ্যেষ্ঠ নেতা সেলিমা রহমান।
গত বছরের ১৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া।
