আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোয় ভয়ংকর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও নয়জন। স্যাক্রামেন্টো পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৩ এপ্রিল) সকালে ক্যালিফোর্নিয়া রাজ্যের রাজধানী স্যাক্রামেন্টো শহরে গোলাগুলি শুরু হয়। এ সময় ভয়ে রাস্তার মানুষ এদিক-সেদিক পালিয়ে যায়।
স্যাক্রামেন্টো শহরের পুলিশ এক টুইট বার্তায় বলেছে, তারা গুলিতে হতাহত ১৫ জনকে চিহ্নিত করেছে। এর মধ্যে নিহত ছয়জনও আছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।
তবে ওই এলাকায় ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। গোলাগুলির পর স্যাক্রামেন্টোর নাইনথ স্ট্রিট ও থার্টিনথ স্ট্রিটের মাঝের এলাকায় মানুষ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
গোলাগুলির সময়ের একটি ভিডিও টুইটারে ছড়িয়ে পড়েছে। তাতে গুলির শব্দ শোনা যাচ্ছে এবং রাস্তা দিয়ে মানুষ ছোটাছুটি করছে। এছাড়া ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে অনেক অ্যাম্বুলেন্স।
