ফুটবল বিশ্বকাপ :
কাতারে চরম নাটকীয়তা আর টানটান উত্তেজনার অনেক রুদ্ধশ্বাস লড়াই দেখছে ফুটবলবিশ্ব। রাজা হয়ে যাচ্ছে প্রজা। আবার প্রজার হাতে উঠছে রাজার মুকুট। অঘটনের এই বিশ্বকাপে এবার শেষ আটে লড়াইয়ে মুখোমুখি ব্রাজিল-দক্ষিণ কোরিয়া। এই ম্যাচে নামার আগে সেলেসাওদের সতর্কবার্তা দিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি তোস্তাও।
লাতিন আমেরিকার জায়ান্টদের ফেবারিট মানলেও চমকের অপেক্ষায় দক্ষিণ কোরিয়া। থেগোক যোদ্ধাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই হেক্সা মিশনের দলটিরও। এ ম্যাচে নিজেদের সেরাটা দিতে না পারলে বিশ্বকাপ মিশন এখানেই শেষ। কোয়ার্টার ফাইনালে ওঠার এই লড়াই মাঠে গড়াবে বাংলাদেশ সময় সোমবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টায়।
আসরে টিকে থাকার লড়াইয়ে নামার আগে ব্রাজিলের রক্ষণকে দক্ষিণ কোরিয়ার গতি ও প্রতি-আক্রমণ থেকে সাবধান করে দিয়েছেন ১৯৭০ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য তোস্তাও।
পেলের দীর্ঘদিনের সতীর্থ তোস্তাও ঘুম কেড়ে নিতেন বিপক্ষের ডিফেন্ডারদের। কিন্তু সেই তোস্তাও দক্ষিণ কোরিয়ার বিষয়ে সাবধান করে দিলেন। তিনি বলেন, ‘নকআউট পর্বে ছোট দলগুলো যে কাজটা করে, সেটা হলো আট থেকে নয়জন মিলে ঘিরে ধরে জায়গাটা ছোট করে দেয়। এর পরই চলে প্রতি-আক্রমণ। গতি দিয়ে এ কাজ বারবার করেছে জাপান ও কোরিয়া।’
ব্রাজিল রক্ষণের অবশ্য চিন্তিত হওয়ার যথেষ্ট কারণও রয়েছে। কাতার এসে প্রতিপক্ষরা-না যতটুকু চ্যালেঞ্জ জানিয়েছে, তার চেয়ে বেশি চ্যালেঞ্জ সেলেসাওদের নিতে হয়েছে ফুটবলারদের চোটের বিপক্ষে। শেষ মুহূর্তে জেসুস আর টেলেসের ছিটকে যাওয়াও বেশ অস্বস্তিতে ফেলেছে ম্যানেজমেন্টকে। যেটা এখনও অব্যাহত আছে অ্যালেক্স সান্দ্রোর অনুপস্থিতিতে।
ব্রাজিল কোচ তিতেকে লেফট-ব্যাক নিয়ে মাথা ঘামাতে হবে বলে মনে করছেন তোস্তাও। ব্রাজিল রক্ষণ নিয়ে এমন উদ্বেগের জন্যই দলকে সতর্ক করছেন ফুটবলের এই কিংবদন্তি।
শনিবারের (৩ ডিসেম্বর) আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের কথা মনে করিয়ে তোস্তাও বলেন, আর্জেন্টিনার মতো বড় প্রতিপক্ষের সামনেও অস্ট্রেলিয়া সুযোগ তৈরি করেছিল। একবার গোল পাওয়ার খুব কাছেও চলে গিয়েছিল তারা। কিন্তু সেই সুযোগ গোলে রূপান্তরিত করতে পারেনি প্রতি-আক্রমণে গতি ছিল না বলে। কিন্তু দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে তেমনটা হবে না। কারণ, দক্ষিণ কোরিয়া এরই মধ্যে গতিময় ফুটবল উপহার দিয়েছে এই বিশ্বকাপে।
