স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
যশোরের কেশবপুরের সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী সামসুন্নাহার লিলির বাড়িতে শনিবার গভীর রাতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে সাতবাড়িয়া বাজারে সামসুন্নাহার লিলির পক্ষ থেকে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রার্থী সামসুন্নাহার লিলি, আওয়ামীলীগ নেতা বর্তমান চেয়ারম্যান সামসুদ্দিন দফাদার, মশিয়ার গাইন, মশিয়ার দফাদার প্রমুখ। বক্তরা প্রার্থীর নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন।
মানবন্ধন চলাকালে বোমা হামলার জন্য স্বতন্ত্র দু প্রার্থী গোলাম মোস্তফা বাবু ও রেজাউল ইসলামকে অভিযুক্ত করা হয়। এ বিষয়ে রেজাউল ইসলাম জানান, তার পক্ষে গণ জোয়ার দেখে ওই প্রার্থী উদ্দেশ্যমুলকভাবে দোষারোপ করে চলেছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ঘটনার সাথে জড়িত যেই হোক তার শাস্তির দাবি জানিয়েছেন।
