হোম জাতীয় কিশোরগঞ্জে পুলিশ-আ.লীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

জাতীয় ডেস্ক :

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বাধীনতা দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে শত শত নেতাকর্মী প্রকাশ্য রাস্তায় অবস্থান নিলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

শনিবার (২৬ মার্চ) সকালে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

পুলিশ জানায়, উপজেলা পরিষদ চত্বরে ফুল দেওয়াকে কেন্দ্র করে কটিয়াদি আসনের এমপি নূল মোহাম্মদ ও সাবেক এমপি এড. সোহরাব উদ্দিনের সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয়। পূর্ব বিরোধের জের ধরে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক এমপি এড. সোহরাব উদ্দিনকে ফুল দেওয়ার সময় প্রতিহত করা হবে বলে ঘোষণা দেয় এমপি নূর মোহাম্মদের সমর্থকরা।

এমপি নূর মোহাম্মদের সমর্থক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী রামদা, বল্লম ও লাঠিসোটা নিয়ে উপজেলা পরিষদের সামনের রাস্তায় অবস্থান নিলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে সাবেক এমপি সোহরাব উদ্দিন মিছিলসহ তার সমর্থকদের নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন জানান, দলীয় নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসহ রাস্তায় বের হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

প্রসঙ্গত, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ-২ আসনের এমপি নূর মোহাম্মদ ও একই আসনের সাবেক এমপি এড. সোহরাব উদ্দিনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন