মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জ শহরের একরামপুর রেল লাইন সংলগ্ন মার্কেটের ১১টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবী।
আজ ১৬ ফেব্রুয়ারী বুধবার ভোর ৫ টার দিকে কিশোরগঞ্জ- চামড়া সড়কের একরামপুর রেললাইনের পাশে সিএনজিস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একটি ভাঙারির দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভোরে একটি ভাঙারির দোকান থেকে আগুন লেগে মূহুর্তের মধ্যেই আশেপাশে ছড়িয়ে পড়ে।
এতে ফার্মেসি, টিভি মেরামতের দোকান, সেলুন, ফলমূলের দোকান, জ্বালানি তেল, খেলনাসামগ্রীর দোকানসহ অন্তত ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। সে সাথে আরও ৫/৬ টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের আংশিক ক্ষতি হয়।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও করিমগঞ্জের ২ টি ইউনিটসহ মোট ৬টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই বাজারের ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
