ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১০নং কাষ্টভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৩ টায় কালীগঞ্জ উপজেলার সাঁকো বাজারে ইউনিয়নবাসীর ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। অসংখ্য লোকের হাতে ফেস্টুনে লেখা লম্পট ও চরিত্রহীন আয়ুব হোসেন খানের মনোনয়নপত্র বাতিল চাই।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তরিকুল শমসের সাবু, আজগার আলীসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ৩য় ধাপের ইউপি নির্বাচনে কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নে নারী কেলেংকারী, অনিয়ম ও দুর্নিতীর দায়ে অভিযুক্ত আয়ুব হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে ক্ষুন্ন হচ্ছে আওয়ামী লীগের ভাবমুর্তি। তাই মনোনয়ন পরিবর্তন করার দাবি জানান তারা। পরে সেখানে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।
