মোস্তফা কামাল:
নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) সন্ধায় উপজেলার বারইপাড়া ফেরিঘাট ও কলাবাড়িয়া এলাকায় এসব অভিযান চালানো হয়। অভিযানে মোট ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ এবং সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। এ সময় মাউলী গ্রামের ছাত্তার শেখের ছেলে পিন্টু শেখের (৫৫) কাছ থেকে ৯ ব্যারেলে মোট ১৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬–এর ৩ ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, একই দিনে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস কলাবাড়িয়া এলাকায় একটি ট্রাকে অভিযান চালান। অভিযানে যোগানিয়া গ্রামের হানেফ শেখের ছেলে খায়রুল শেখের (৪৫) কাছ থেকে ২৮ ব্যারেলে মোট ৫৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় তাকে একই আইনের আওতায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ রক্ষায় যারা এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।“
তিনি আরও জানান, জব্দকৃত মোট ৭৪০০ লিটার ডিজেল মেসার্স কালিয়া ফিলিং স্টেশনে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে।
