হোম আন্তর্জাতিক কাতারের গ্যাসক্ষেত্রে হামলা ইরানের, বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে ঊর্ধ্বগতি

কাতারের গ্যাসক্ষেত্রে হামলা ইরানের, বিশ্ববাজারে তেল-গ্যাসের দামে ঊর্ধ্বগতি

কর্তৃক Editor
০ মন্তব্য 42 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ইরান অঞ্চলজুড়ে জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করায় বৃহস্পতিবার (১৯ মার্চ) তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম হঠাৎ করেই বেড়ে যায়। বিশেষ করে কাতারের অন্যতম গুরুত্বপূর্ণ এলএনজি স্থাপনায় হামলার পর বাজারে চাপ আরও বাড়ে। খবর সিএনএনের

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড (এটি লাইট (হালকা) এবং সুইট (কম সালফারযুক্ত) তেল, যা শোধন করে পেট্রোল ও ডিজেল তৈরির জন্য খুবই উপযোগী) তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলারে পৌঁছায়। এর আগের দিন এটি ১০৭.৩৮ ডলারে বন্ধ হয়েছিল, যা ২০২২ সালের মাঝামাঝি সময়ের পর সর্বোচ্চ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রায় ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম একদিনেই ২৪ শতাংশ বেড়েছে এবং ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে তা দ্বিগুণেরও বেশি হয়েছে।

কাতারের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ‘কাতার এনার্জি’ জানিয়েছে, দেশটির রাস লাফান এলএনজি হাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস স্থাপনা হিসেবে পরিচিত।

বিশ্লেষকদের মতে, ইরানের এই হামলা শুরু হয়েছে তাদের নিজস্ব জ্বালানি স্থাপনায় আঘাতের প্রতিক্রিয়ায়। ইসরায়েলের এক হামলায় ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ড লক্ষ্যবস্তুতে পরিণত হয়, যা বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্রের অংশ।

ইরান ইতোমধ্যে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করে আরও হামলার হুমকি দিয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের দুটি তেল শোধনাগার হামলার মুখে পড়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। একইসঙ্গে, কুয়েতেও ড্রোন হামলায় দুটি শোধনাগারে আগুন লাগার ঘটনা ঘটেছে, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়।

দুবাইভিত্তিক জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রাইস্টাড এনার্জি–এর জ্যেষ্ঠ কর্মকর্তা আদিত্য সারাসওয়াত সতর্ক করে বলেছেন, এই ধরনের হামলা অব্যাহত থাকলে তেলের দাম আরও অন্তত ১০ ডলার বাড়তে পারে এবং সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন