হোম আন্তর্জাতিক কাজাখস্তানে বিক্ষোভকারীদের গুলি করে হত্যার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক :

কয়েকদিনের সহিংসতার পর কাজাখস্তানের মূল শহরের সড়কগুলো এখন নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে।

এদিকে দেশজুড়ে বিক্ষোভ দমনে সরাসরি গুলি করে হত্যা করতে সেনাদের নির্দেশ দিয়েছেন রুশ-সমর্থিত কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ।

বিদ্রোহীদের দমনে রুশ সেনারা দেশটিতে পা রাখার পর ধ্বংসস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে থাকা সড়কে পুলিশকে টহল দিতে দেখা গেছে। কোথাও কোথাও থেকে গুলির শব্দও আসছে।

বিক্ষোভে কয়েক ডজন নিহত হয়েছেন। সরকারি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। সাবেক সোভিয়েত দেশটি স্বাধীন হওয়ার পর থেকে এত সহিংসতা আরও কখনো ঘটেনি।

মস্কো বলছে, ৭০টির বেশি বিমানে করে রাশিয়ার সেনাদের সেখানে পাঠানো হয়েছে। আলমাতির বিমানবন্দর নিয়ন্ত্রণে নিয়ে আসতে তারা সহায়তা করেছেন।

বিদ্রোহের জন্য বিদেশি-প্রশিক্ষিত সন্ত্রাসীদের দায়ী করছেন কাজাখ প্রেসিডেন্ট। যদিও নিজের দাবি পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি তিনি।

৬৮ বছর বয়সী তোকায়েভ বলেন, জঙ্গিরা তাদের অস্ত্র সমর্পণ করেননি। তারা অপরাধ ও অপরাধের প্রস্তুতি অব্যাহত রেখেছে। যারা আত্মসমর্পণ করবেন, তাদের ধ্বংস করে দেওয়া হবে। কোনো ধরনের সতর্কতা ছাড়াই তাদের গুলি করে হত্যা করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছি।

জ্বালানি তেলের মূল্য বেড়ে যাওয়ার জবাবে প্রথমে বিক্ষোভ শুরু হলেও তা তোকায়েভ সরকার ও সাবেক প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলনে রূপ নেয়।

যে কোনো সাবেক সোভিয়েত দেশের সবচেয়ে বেশি সময় শাসন করা প্রেসিডেন্ট হলেন নুরসুলতান নাজারবায়েভ। ২০১৯ সালে তিনি তোকায়েভের হাতে ক্ষমতা হস্তান্তর করেন।

সংকটের মধ্যে তোকায়েভকে বেশ কয়েকবার ফোন করে পরিস্থিতি জানার চেষ্টা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন