কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে স্কুল কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস জানান, ম্যানেজিং কমিটি গঠনে ২জন শিক্ষক প্রতিনিধি ও ৪ জন (সাধারন পুরুষ) অভিভাবক প্রতিনিধি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় প্রতক্ষ্য ভোটের মাধ্যমে সুন্দর পরিবেশে ভোট প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে।
দুই জন শিক্ষক প্রতিনিধি (সাধারন) নির্বাচনে প্রতিদ্বন্দী ৩ জন শিক্ষকের মধ্যে সহকারী শিক্ষক স্বপন কুমার চৌধুরী (প্রাপ্ত ভোট ১২) ও সহকারী শিক্ষক সেলিম রেজা (প্রাপ্ত ভোট-১০) নির্বাচিত হয়েছেন। মোট ১৭ জন শিক্ষক ভোটারের মধ্যে নির্বাচিত হতে না পারা সহকারী শিক্ষক শওকত আলী’র প্রাপ্ত ভোট ০৭ টি। অভিভাবক সদস্য (সাধারন) ৪ জনের মধ্যে প্রতিদ্বন্দীতা করেন ৮ জন অভিভাবক।
এর মধ্যে নির্বাচিত অভিভাবক সদস্যরা হলেন যথাক্রমে উত্তর সোনাবাড়িয়া গ্রামের শিক্ষার্থী অভিভাবক আনারুল ইসলাম (প্রাপ্ত ভোট-২৭৩), একই গ্রামের মনিরুল ইসলাম ( প্রাপ্ত ভোট-২১১), একই গ্রামের মো: নাবিছদ্দীন (প্রাপ্ত ভোট-২১০) ও দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের এস,এম শরিফুজ্জামান (প্রাপ্ত ভোট-১৫৯)। মোট ৭২৫ জন অভিভাবক ভোটারের মধ্যে ৪২০ জন অভিভাবক ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রাপ্ত ভোটের শতকরা হার ৫৮ ভাগ।
এ দিকে, শিক্ষক প্রতিনিধি (সংরক্ষিত মহিলা) হিসাবে শিক্ষিকা রোকসানা খাতুন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। এক জন অভিভাবক সদস্য (সংরক্ষিত মহিলা) বিনাপ্রতিদ্বন্দীতায় ঝাঁপাঘাট গ্রামের মোছাম্মদ রেশমা খাতন নির্বাচিত হয়েছেন। অনুরুপভাবে দাতা সদস্য হিসাবে বিনাপ্রতিদ্বদীতায় নির্বাচিত হয়েছেন দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের নুরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির ভোট গ্রহন কেন্দ্র পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন সোনাবড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সরদার আমজাদ হোসেন ও স্কুলের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু।
