কিশোরগঞ্জ প্রতিনিধি :
কটিয়াদীতে জুয়ার আসর থেকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী মুকুল মিয়া (৩৫) কে আটক করেছে কটিয়াদী থানা পুলিশ। সে কটিয়াদী বেথইর এলাকার মোঃ লিলু মিয়ার পুত্র ও কটিয়াদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তারের স্বামী।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পৌর এলাকার বেথইর মহল্লার জনৈক হারুন মিয়ার বাড়ির কাছের জুয়ার আসর থেকে মুকুল মিয়াকে আটক করে পুলিশ। সে সময় অন্য ৫ জুয়াড়ি পালিয়ে যায়।
পুলিশ বাদি হয়ে ৬ জনকে আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার আসামিরা হল, মুকুল মিয়া (৩৫), হারুন মিয়া (২৭), মো: সবুজ মিয়া (৪০), বক্কার (৪২), শরীফ (৩০) ও শামীম মিয়া (২৭)।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) এসএম শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আটক মুকুল মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
