হোম খেলাধুলা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন জয়ের সমতায় বাংলাদেশ

খেলাধূলা ডেস্ক :

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে নিষ্প্রভ থাকলেও, ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে ঝলক দেখিয়েছে বাংলাদেশ। সেরা ব্যাটসম্যানের তালিকায় চারজনই টাইগার ক্রিকেটার। যেখানে শীর্ষে আছেন তামিম। আর বোলিংয়ে ৭ উইকেট নিয়ে সেরা উইকেট শিকারি মেহেদী হাসান মিরাজ। এ সিরিজে জয়ের মাধ্যমে ক্যারিবীয়দের সঙ্গে মুখোমুখি পরিসংখ্যানে সমতায় ফিরল বাংলাদেশ।

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ধরাশায়ী হওয়ার পর প্রিয় ফরম্যাট ওয়ানডেতে চিরচেনা বাংলাদেশ। সিরিজ জয়ের পর ক্যারিবীয়দের বিপক্ষে পেলো হোয়াইটওয়াশের স্বাদ। টেস্ট কিংবা টি-টোয়েন্টিতে ব্যক্তিগত পারফরম্যান্সে নিষ্প্রভ টাইগাররা ওয়ানডেতে দেখিয়েছে চমক। পুরো সিরিজে ব্যাটে-বলে ছিলো তাদেরই জয়জয়কার। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারির তালিকায় বেশিরভাগ জায়গাই দখলে লাল সবুজের প্রতিনিধিদের।

এই ওডিআই সিরিজে সবচেয়ে বেশি রান করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ৩ ম্যাচে তার রান সংখ্যা ১১৭। আর ৫৭ রান করলেই ওয়ানডেতে ৮ হাজার রানের ঘরে প্রবেশ করতেন দেশসেরা এই ওপেনার। এদিকে, তামিমের পরেই আছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। তিন ওয়ানডে মিলিয়ে তার রান ৯১। এর মধ্যে সর্বোচ্চ রান এক ম্যাচে ৭৩। এরপর ৮৩ রান নিয়ে লিটন দাস আছেন তিন নম্বরে। মাহমুদউল্লাহ রিয়াদ ৪ নম্বরে আছেন ৬৭ রান নিয়ে। এরপরেই ৫৮ রান নিয়ে ৫ নম্বরে জায়গা করে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

এদিকে, এক ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় অবশ্য সবার ওপরে আছে নিকোলাস পুরানের নাম। সিরিজের শেষ ওয়ানডেতে ৪টি চার আর ২টি ছয় মেরে ৭৩ রান করেছেন এই উইন্ডিজ ক্রিকেটার। দ্বিতীয় ওয়ানডেতে ফিফটি হাঁকিয়ে এরপরের জায়গাটাই দখল করে নিয়েছেন তামিম। শেষ ওয়ানডেতে লিটনের ফিফটি বাংলাদেশের জয়ে যেমন রেখেছে অবদান। তেমনি সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায়ও তিন নম্বরে আছে তার নাম। ৪১ রান করে এরপর আছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং ৩৭ রান করে শান্ত আছেন পাঁচ নম্বরে।

সিরিজে সবচেয়ে বেশি উইকেট আছে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। ৭ উইকেট আর ৫ দশমিক শূন্য চার ইকোনমি নিয়ে শীর্ষে আছে এই টাইগার। এরপর ৬ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কানহাই আছেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারির স্থানে। ২৮ রান দিয়ে ৫ উইকেট নিয়ে তাইজুল আছেন তালিকার তিন নম্বরে। শেষ ওয়ানডেতেই ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন এই স্পিনার। এরপর ৪৩ রানে ৫ উইকেট নিয়ে চারে আছেন শরিফুল এবং ৭৪ রানে ৫ উইকেট নিয়ে তালিকার ৫ নম্বরে জায়গা করে নিয়েছেন নাসুম আহমেদ।

এদিকে, এই ওয়ানডে সিরিজ জয়ের মধ্য দিয়ে এই ফরম্যাটে দু’দলের মুখোমুখি পরিসংখ্যানে এসেছে সমতা। এখন ওডিআইতে দু’দলের সমান জয় ২১টি করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন