হোম জাতীয় ‘ওনারা বলতেন, নৌকায় ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে’

জাতীয় ডেস্ক :

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ১৯৭২ সালের পর কখনো বিএনপি, কখনো জাতীয় পার্টি, কখনো জামায়াতে ইসলামীর প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ওনারা অপপ্রচার করতেন, নৌকায় ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে, মসজিদ থাকবে না, বাবা-ভাইদের মাথায় টুপি থাকবে না। মায়েদের মাথায় সিঁদুর থাকবে। এসব কথা বলে তারা আমাদের উন্নয়নবঞ্চিত করেছে।

শনিবার (৩০ জুলাই) দুপুরে নাটোরের সিংড়া শহররক্ষা বাঁধ, রবীন্দ্রসরোবর, নজরুলসরোবর ও জীবনানন্দসরোবর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব বলেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। দুই লাখ মা-বোনের সম্ভ্রম ও ৩০ লাখ শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা বাঙালি। দীর্ঘ ৩৮ বছর চলনবিল ছিল সন্ত্রাসীদের কবলে। না ছিল রাস্তা, না ছিল বিদ্যুৎ। নির্বাচন এলে অতিথি পাখির মতো সবাই এসে নির্বাচিত হয়ে জনগণের সঙ্গে প্রতারণা করে।

পলক বলেন, চলনবিল আজ শতভাগ বিদ্যুতায়িত এলাকা। ঘরে ঘরে বিদ্যুৎ, সুলভ মূল্যে ইন্টারনেট সেবা মিলছে। সবই সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ইসলাম জয়ের কারণে। নতুনরূপে ২ কিলোমিটার শহররক্ষা বাঁধ নির্মাণ হলে সিংড়া পৌরসভা হবে সুরক্ষিত শহর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন