আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে আবারও ভেঙে টুকরো করার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি দাবি করেছেন, ইউক্রেনের দক্ষিণে খারসন অঞ্চলে আরও একটি প্রজাতন্ত্র গড়ার চেষ্টা করছে রাশিয়া।
ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্কের মতোই এবার দেশের দক্ষিণাঞ্চলীয় শহর খারসনকে প্রজাতন্ত্র গড়ার চেষ্টা করছে মস্কো। রোববার এক বিবৃতিতে এ অভিযোগ করেন জেলেনস্কি। এই প্রজাতন্ত্রকে ‘সিউডো রিপাবলিক’ বলে অভিহিত করেছেন তিনি।
গত সপ্তাহেেই খারসনের নিয়ন্ত্রণ নেয় রাশিয়ান সেনারা। শহরটির দখল রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। কারণ হল-শহরের কৌশলগত অবস্থান। খারসন নিপার নদীর মোহনায় অবস্থিত কৌশলগত একটি শহর। যেখান থেকে সহজে কৃষ্ণসাগরে বের হওয়া যায়। খারসন শহরটিতে প্রায় তিন লাখ মানুষের বাস।
জেলেনস্কির অভিযোগ, অনেকটা ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্কের মতো এবার খারসন অঞ্চলকে আলাদা করার চেষ্টা করছেন রুশ কর্তৃপক্ষ। এজন্য স্থানীয় কর্মকর্তাদের ঘুষ দিয়ে হাত করার চেষ্টা করা হচ্ছে।
ইউক্রেন অভিযানের আগে বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দুটি স্বাধীনতাকামী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
স্বঘোষিত গণপ্রজাতন্ত্র দোনেস্ক ও লুহানস্ক রাশিয়ার সমর্থনপুষ্ট বিদ্রোহীদের এলাকা। এই বিদ্রোহীরা ২০১৪ সাল থেকে ইউক্রেনের বাহিনীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। এই দুটি অঞ্চলে রাশিয়ার সেনাদের ‘শান্তিরক্ষা কার্যক্রম’ চালানোর নির্দেশ দেওয়া হয়।
ইউক্রেনের ওই দুটি অঞ্চলকে স্বীকৃতি দেওয়ার পর এক টেলিভিশনে ভাষণে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দেন পুতিন। তিনি বলেন, আধুনিক ইউক্রেইনকে ‘সৃষ্টি’ করেছে সোভিয়েত ইউনিয়ন, দেশটিকে ‘প্রাচীন রুশ ভূমি’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
