হোম অন্যান্যসারাদেশ উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোরীর নানা-মামাকে ছুরিকাঘাত

জাতীয় ডেস্ক :

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের ছুরির আঘাতে আহত হয়েছেন ভুক্তভোগী কিশোরীর মামা ও নানা। বর্তমানে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। মামা ও নানার এ অবস্থা দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ওই কিশোরী। এ ঘটনায় মামলা হওয়ার পর একজন বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। ধরাছোঁয়ার বাইরে এখনও তিনজন।

বখাটেদের ছুরিকাঘাতে হাসপাতালের বিছানায় সৌদি প্রবাসী জাহিদ ও তার বাবা আলী আহমেদ সরকার।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে মামার বাড়িতে বেড়াতে যাচ্ছিল সপ্তম শ্রেণির ওই স্কুলছাত্রী। পথে দুই বখাটে তার পথরোধ করে। মেয়েটির মোবাইল নাম্বারের জন্য প্রায় আধাঘণ্টা আটকে রেখে চালানো হয় মানসিক নির্যাতন। নানা ধরনের কুপ্রস্তাব দেয়া হয় তাকে। বখাটেদের বাধা দেন ছাত্রীর মামা জাহিদ ও নানা আলী আহমেদ।

ভুক্তভোগীর নানা বলেন, আমার নাতনিকে আজেবাজে কথা বলত বখাটেরা। আমাকে সে অনেকবার এ কথা জানিয়েছে। এরপর এদিন ফের উত্যক্ত করলে এর প্রতিবাদ করায় আমাদের ছুরি দিয়ে আঘাত করে তারা।

ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগ, এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত অভিযুক্তরা। এ ঘটনায় দায়ীদের বিচার দাবি করেন তারা।

ঘটনার পর বৃহস্পতিবার ইমন ওরফে সায়েম, জিহাদ, সজিব ও সানমুন এই ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন ওই কিশোরীর মা। অভিযুক্ত সায়েমকে গ্রেফতার করা গেলেও এখনও ধরাছোঁয়ার বাইরে বাকি ৩ জন।

মুন্সিগঞ্জের গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা শোয়েব আলী বলেন, এ ঘটনায় ৪ জনকে আসামি মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে নিরাপদে স্কুলে যাওয়া নিয়েও শঙ্কায় রয়েছে ভুক্তভোগী ছাত্রী।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন