আন্তর্জাতিক ডেস্ক :
ইয়েমেনে গাড়ি বোমা বিস্ফোরণে এক নারী সাংবাদিক এবং তার সন্তান নিহত হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
মঙ্গলবারের এই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কেউ এই হামলা দায় স্বীকার না করলেও কর্তৃপক্ষ জানিয়েছে বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী মাইন আব্দুল মালিক জানান, রাসা আবদুল্লাহ আল হারাযী নামের ওই সাংবাদিকের গাড়িতে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে হামলা চালানো হয়েছে। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে জানিয়েছেন তিনি।
আল জাজিরা জানায়, ইয়েমেনের দক্ষিণাঞ্চলের এডেন সিটির খোরমাকসারে এই বোমা হামলার ঘটনা ঘটে। আল হারাযী এ সময় তার পরিবার নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। আল হারাযী আরব আমিরাতের আসারাক টিভির সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।
আল জাজিরা জানায়, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। আল হারাযীর স্বামী মাহমুদ আল আতমি, তিনি নিজেও সাংবাদিক বোমা হামলায় মারাত্মক আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তার অবস্থা সঙ্কটাপন্ন। তিনি ছাড়া আরও তিন জন এই গাড়ি বোমা হামলায় আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সাম্প্রতিক বছরগুলোতে ইয়েমেনের উপকূলীয় শহর এডেনে ভয়াবহ বোমা হামলা হয়েছে। আল জাজিরা জানায়, বেশিরভাগ হামলার জন্যে আল কায়েদা এবং ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর স্থানীয় সহযোগীদের দায়ী করা হয়।
এছাড়া ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীরা ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন দিয়ে এডেনে হামলা চালিয়েছে। গত মাসে, এডেনের খোরমাকসার আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি নিরাপত্তা চেকপোস্টে কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়। কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।
