বাণিজ্য ডেস্ক :
মাইক্রোব্লগিং সাইট টুইটারের সাবেক শেয়ারহোল্ডাররা ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছেন। কারণ টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কেনার খবর টেসলার প্রতিষ্ঠাতা দেরি করে প্রকাশ করেছেন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ম্যানহাটন ফেডারেল আদালতে দায়ের করা একটি প্রস্তাবিত মামলায় শেয়ারহোল্ডাররা বলেন, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক টুইটারে বিনিয়োগের কথা যথাসময়ে প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন। ফেডারেল আইন অনুযায়ী, ২৪ মার্চের মধ্যে তার এ তথ্য প্রকাশ করার কথা ছিল। এতে তিনি বস্তুগতভাবে মিথ্যা এবং বিভ্রান্তিকর বিবৃতি দিয়েছেন বা তথ্য প্রকাশ করেননি।
ইলন মাস্কের টুইটারের শেয়ার কেনার খবর প্রকাশের পর ৪ এপ্রিল সামাজিক মাধ্যমটির শেয়ার ২৭ শতাংশ বেড়ে যায়। এতে টুইটারের একটি শেয়ারের দাম ৩৯ দশমিক ৩১ ডলার থেকে বেড়ে ৪৯ দশমিক ৯৭ ডলারে উঠে যায়। যা বিনিয়োগকারীরা টুইটারের ওপর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির আস্থার ভোট হিসেবে দেখছে।
মার্ক রাসেলার নেতৃত্বে সাবেক শেয়ারহোল্ডাররা বলেন, দেরি করে শেয়ার কেনার খবর প্রকাশের কারণে মাস্ক আরও কম দামে শেয়ার কিনতে পেরেছেন। অপরদিকে তাদের কৃত্রিমভাবে কমানো দামে শেয়ার বিক্রি করতে হয়েছে।
এ মামলায় ক্ষতিপূরণ এবং শাস্তির দাবি জানানো হয়।
এদিকে মাস্কের একজন আইনজীবী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।
ইউএস সিকিউরিটিজ আইন অনুযায়ী, কোনো কোম্পাানির ৫ শতাংশ অধিগ্রহণ করা হলে, সেটি ১০ দিনের মধ্যে বিনিয়োগকারীদের প্রকাশ করতে হয়। সে হিসাবে টুইটারের শেয়ার কেনার খবরটি ২৪ মার্চ প্রকাশ করার কথা ছিল ইলন মাস্কের।
৫ এপ্রিল টুইটার ঘোষণা করেছে যে মাস্ক প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে যোগ দেবেন। কিন্তু এ সপ্তাহে তারা জানায়, মাস্ক পরিচালনা পর্ষদে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
