হোম আন্তর্জাতিক ইরান যুদ্ধে প্রথমবার ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

ইরান যুদ্ধে প্রথমবার ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

কর্তৃক Editor
০ মন্তব্য 41 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। শনিবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। চলমান যুদ্ধে এই প্রথম দেশটি থেকে সরাসরি হামলার মুখে পড়লো ইসরায়েল। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার পর্যন্ত ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরায়েলে অনবরত হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার মুখে শনিবার ভোরে দক্ষিণ ইসরায়েলের বির শেবা এবং ইসরায়েলের প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্রের সংলগ্ন এলাকায় সতর্ক সংকেত বেজে ওঠে। শুক্রবার রাত থেকে শনিবার ভোরের মধ্যে ওই এলাকায় এ নিয়ে তিনবার সাইরেন বাজল।

এখন পর্যন্ত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই যুদ্ধ থেকে দূরে ছিল। মূলত ২০১৫ সালে ইয়েমেনের নির্বাসিত সরকারের পক্ষ নিয়ে সৌদি আরব হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে একটি অস্বস্তিকর যুদ্ধবিরতি চলছিল। তবে এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার মাধ্যমে সেই নীরবতা ভাঙলো গোষ্ঠীটি।

ইয়েমেনের এই হামলার পাশাপাশি রাতভর ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্রটি মাঝআকাশেই রুখে দিতে সক্ষম হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন