হোম আন্তর্জাতিক ইরানে ইসলামি প্রজাতন্ত্রের অবসান ঘটার সময় এসেছে: রেজা পাহলভি

ইরানে ইসলামি প্রজাতন্ত্রের অবসান ঘটার সময় এসেছে: রেজা পাহলভি

কর্তৃক Editor
০ মন্তব্য 42 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে একটি ‘ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভবিষ্যৎ’ গড়ে তোলার জন্য নেতৃত্ব দিতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত শেষ শাহর নির্বাসিত ছেলে রেজা পাহলভি। তিনি বলেন, ‘এখন ইসলামি প্রজাতন্ত্রের অবসান ঘটার সময় এসেছে।’

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে এক সমাবেশে তিনি এ কথা বলেন। প্রায় দুই লাখ সমর্থকের সামনে বক্তব্য দেন রেজা পাহলভি। ইরানে ক্ষমতার পরিবর্তন হওয়াটাই ‘সবচেয়ে ভালো উপায়’ বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভবিষ্যতে পাড়ি দেওয়ার নিশ্চয়তা দিতে আমি এখানে এসেছি।’

রেজা পাহলভি বলেন, ‘আপনাদের জন্য রূপান্তরের নেতা হিসেবে ভূমিকা রাখতে আমি অঙ্গীকারবদ্ধ, যেন একদিন আমরা ব্যালট বাক্সের মাধ্যমে গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় আমাদের দেশের ভাগ্য চূড়ান্তভাবে নির্ধারণ করার সুযোগ পাই।’

এ সময় উপস্থিত জনতা ‘জাভিদ শাহ’ (শাহ দীর্ঘজীবী হোক) স্লোগান দিচ্ছিলেন। তারা সিংহ ও সূর্যের ছবিযুক্ত সবুজ, সাদা ও লাল রঙের পতাকা ওড়াচ্ছিলেন। পতাকার ছবিটি ক্ষমতাচ্যুত রাজতন্ত্রের প্রতীক।

ওই সমাবেশে উপস্থিত ছিলেন ৬২ বছর বয়সী ইরানি নাগরিক সাইদ। তিনি এএফপিকে বলেন, ‘ইরানের শাসনব্যবস্থা একটি মৃত শাসনব্যবস্থা। এর অবসান হওয়া উচিত।’

রেজা পাহলভি দেশের ভেতরে ও বাইরে থাকা ইরানি নাগরিকদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি তাদের শনি ও রোববার ইরানি সময় রাত আটটায় নিজেদের বাড়ি ও ছাদের ওপর থেকে স্লোগান দেওয়ার আহ্বান জানিয়েছেন, যেন জার্মানি ও অন্যান্য দেশে চলমান প্রতিবাদ একযোগে হতে পারে।

ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে দেশটির সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল সুইজারল্যান্ড বলেছে, আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ওমান সরকার আগামী সপ্তাহে জেনেভায় নতুন দফা বৈঠকের আয়োজন করবে। আর এর মধ্যেই রেজা পাহলভি ইরানে নেতৃত্ব দেওয়ার আগ্রহ প্রকাশ করলেন।

রেজা পাহলভি ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের আগে ইরান ছেড়েছিলেন। তারপর আর দেশে ফেরেননি। তিনি এখন যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পরপরই ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা গত সপ্তাহে ওমানে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন। মধ্যস্থতাকারী দেশ ওমান আগামী সপ্তাহে জেনেভায় নতুন করে বৈঠকের আয়োজন করবে। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন