আন্তর্জাতিক ডেস্ক :
মাঙ্কিপক্স প্রতিরোধে গুটিবসন্তের টিকার ব্যবহারের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী বিভাগ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা থাকায় এর একদিন আগে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষিণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ডেনমার্কের টিকা উৎপাদক কোম্পানি ব্যাভ্যারিয়ান নর্ডিকের বরাতে আল-জাজিরা বলছে, মাঙ্কিপক্স প্রতিরোধে ইউরোপে গুটিবসন্তের টিকার ব্যবহার করা হবে।
মাঙ্কিপক্স চিকিৎসায় গেল সপ্তাহে ইমভ্যানেক্স নামের টিকার অনুমোদন দিতে সুপারিশ করেছিল ইউরোপীয় ওষুধ সংস্থা (ইএমএ)। এরপর সোমবার ইউরোপীয় কমিশনের অনুমোদন মিলেছে।
বিশ্বজুড়ে ব্যাপকহারে মাঙ্কিপক্সের সংক্রমণ বাড়ছে। ইতিমধ্যে হাজারো মানুষ এই রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি পাঁচজনের মৃত্যুও হয়েছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
ব্যাভ্যারিয়ান নর্ডিকের প্রধান নির্বাহী কর্মকর্তা পল চ্যাপলিন বলেন, মারাত্মক রোগের প্রকোপের বিরুদ্ধে লড়াইয়ে দেশগুলোর প্রস্তুতি আরও ত্বরান্বিত করতে পারে টিকার সহজলভ্যতা। পাশাপাশি জৈবিক প্রস্তুতির কাঠামোগত পরিকল্পনা ও বিনিয়োগও দরকার পড়বে।
এক বিবৃতিতে কোম্পানিটি বলছে, ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য, আইসল্যান্ড, লিশটেনস্টাইন ও নরওয়েতে এই অনুমোদন বৈধ। এসব দেশ ইমভ্যানেক্স টিকা ব্যবহার করতে পারবে।
এই ওষুধের বৈজ্ঞানিক পরীক্ষা চালিয়েছে ইউরোপীয় ওষুধ সংস্থা। এরপর তা বাজারে ছাড়া যাবে কিনা; ইউরোপীয় ইউনিয়নকে সেই পরামর্শ দিয়েছে। মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পর ব্যাভারিয়ান নর্ডিকের শেয়ারমূল্য বেড়ে গেছে।
গুটিবসন্তের চিকিৎসার জন্য ২০১৩ সালে ইমভ্যানেক্সের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মাঙ্কিপক্স ও গুটিবসন্তের মধ্যে মিল রয়েছে। তবে আল-জাজিরার খবর বলছে, গুটিবসন্তের চেয়েও মাঙ্কিপক্স বিপজ্জনক ও সংক্রামক।
