হোম খেলাধুলা ইংলিশ সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ ভারতীয়দের

খেলাধূলা ডেস্ক :

এজবাস্টনে ভারত-ইংল্যান্ড ম্যাচ রং বদলেছে বারবার। ম্যাচের প্রথম অংশে এগিয়ে থাকা ভারত স্বপ্ন দেখছিল ইংল্যান্ডের মাটিতে এই টেস্ট জয়ের। তবে চতুর্থ ইনিংসে রুট-বেয়ারস্টোর দারুণ ব্যাটিংয়ে জয়ের পথে ইংল্যান্ড। আর স্বরূপে ফিরেছে ইংলিশ ক্রিকেটের উগ্র সমর্থকরা। সফরকারী ভারতের সমর্থকদের প্রতি বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে স্বাগতিক সমর্থকদের বিপক্ষে।

ইংল্যান্ড-ভারত চলমান টেস্ট ম্যাচের চতুর্থ দিনে ইংল্যান্ডের দর্শকদের বিপক্ষে বর্ণবাদী আচরণের অভিযোগ এনেছে ভারতীয় দর্শকরা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অনেক ভারতীয় দর্শক এই অভিযোগ এনে পোস্ট দিয়েছে। যা নজরে এসেছে ওয়ারউইকশায়ার ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ।

এক ভারতীয় সমর্থক বর্ণবাদী আচরণের অভিযোগ এনে টুইটারে জানিয়েছেন, এরিক হলিস ব্লকে ইংল্যান্ডের সমর্থকরা ইচ্ছাকৃতভাবে ভারতীয়দের গালিগালাজ করেছে। উপস্থিত নিরাপত্তাকর্মীদের কাছে সহায়তা চেয়ে দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা গায়ে মাখেনি।

ভারতীয় সমর্থকদের অভিযোগের পর ইংলিশ সমর্থকদের বর্ণবাদী আচরণ নিয়ে কথা বলেছেন ইয়র্কশায়ারের সাবেক ক্রিকেটার আজিম রফিক। ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার সম্প্রতি ইংলিশ ক্রিকেটে বর্ণবাদ ও জাতিঘৃণার উপস্থিতি নিয়ে সোচ্চার হয়েছেন। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনাদের অন্যতম এই ক্রিকেটার। তিনি টুইটারে লেখেন, ‘এটা পড়ে অত্যন্ত হতাশ হয়েছি।’ এ নিয়ে তিনি বেশকিছু টুইট-রিটুইট করেছেন।

আজিম রফিকের টুইটের পরিপ্রেক্ষিতে অফিসিয়াল টুইটার হ্যান্ডলার থেকে ক্ষমা প্রার্থনা করেছে এজবাস্টন স্টেডিয়াম কর্তৃপক্ষ। সেখানে ক্ষমাপ্রার্থনা করে তারা লেখেন, ‘এটি পড়ে আমরা অত্যন্ত দুঃখিত। কোনোভাবেই আমরা এরকম আচরণ সহ্য করি না। আমরা যত দ্রুত সম্ভব, এই ঘটনার তদন্ত করবো।’

বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডও। এক বিবৃতিতে ইসিবি জানায়, ‘নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ তৈরির জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে এজবাস্টন। আজ টেস্ট ম্যাচে বর্ণবিদ্বেষের অভিযোগ শুনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এটি তদন্ত করে দেখা হবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন