জাতীয় ডেস্ক :
নীলফমারীর ডোমারে চালবোঝাই ট্রাক্টরের চাকা খুলে ভ্যানের ওপর উল্টে পড়ে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ডোমার-জলঢাকা সড়কের একবট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ডোমারের মটকপুর এলাকার আফছারুল ইসলাম ও ডিমলা এলাকার জহুরুল ইসলাম।
আহতরা হলেন- নিহত জহুরুল ইসলামের বোন লিমা ও তার স্বামী শরিফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ডোমার থেকে প্রায় ১০ টনের একটি চালবোঝাই ট্রাক্টর জলঢাকা যাচ্ছিল। পথে একবট নামক স্থানে অতিরিক্ত ওজনের কারণে ট্রাক্টরের চাকা খুলে যায়।
এতে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের ওপর ট্রাক্টরটি উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থালে শরিফুল নিহত হন।
রংপুর মেডিকেলে নেয়ার পথে আফছারুলের মৃত্যু হয়। তবে বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পণ্য নেয়ার কারণে ট্রাক্টরের চাকা খুলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ উন নবী এ তথ্য নিশ্চিত করেছেন।
