হোম ফিচার আয়ের চেয়ে কোটি টাকা ব্যয় বেশি বিএনপির

রাজনীতি ডেস্ক :

এবারও আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে দেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপির। এর আগের দুই বছরও ব্যয় বেশি হয়েছিল দলটির।

বৃহস্পতিবার (২৮ জুলাই) গত বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইসি সচিবের কাছে এ হিসাব জমা দেন।

হিসাবে দেখানো হয়েছে, ২০২১ সালে দলটির আয় হয়েছে ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা। কমিটির সদস্যদের মাসিক চাঁদা, মনোনয়ন ফরম বিক্রি, ব্যক্তি-প্রতিষ্ঠান থেকে অনুদান ও এফডিআর থেকে এ টাকা আয় হয়েছে।

এ সময় দলটির ব্যয় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা। কর্মচারীদের বেতন-বোনাস, ক্রোড়পত্র বিলসহ বিভিন্ন খাতে এ টাকা ব্যয় হয়েছে। এই হিসাবে আয়ের চেয়ে ১ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৭২৭ টাকা বেশি ব্যয় করেছে তারা।

এর আগে ২০২০ সালেও আয়ের চেয়ে ব্যয় বেশি হয় দলটির। ওই সময় দলটির আয় হয় ১ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৪৯ টাকা। বিপরীতে ব্যয় হয় ১ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫১৩ টাকা। তার আগের বছরও দলটির আয়ের চেয়ে তিন গুণের বেশি ব্যয় হয়েছিল। সে সময় বিএনপি আয় করে ৮৭ লাখ ৫২ হাজার ৭১০ টাকা। আর ব্যয় হয় ২ কোটি ৬৬ লাখ ৮৬ হাজার ১৩৭ টাকা।

প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী, পূর্ববর্তী বছরে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে ইসির কাছে জমা দেয়ার বিধান রয়েছে। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিল করতে পারে ইসি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন