হোম জাতীয় আশুগঞ্জে বায়োগ্যাসের ট্যাংক বিস্ফোরণে শ্রমিক নিহত

জাতীয় ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মুরগির খামারে বায়োগ্যাসের ট্যাংক বিস্ফোরণে মো. জুবায়ের মিয়া (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) রাতে আশুগঞ্জ থানার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ধলা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য বিলাল ভূঁইয়ার মুরগির খামারে কাজ করতেন।

এলাকাবাসী জানান, নিহত জুবায়ের জেলা পরিষদ সদস্য বিল্লাল ভূঁইয়ার মুরগির খামারে ডিম সংগ্রহের কাজ করতেন। সেই সঙ্গে বায়োগ্যাস তৈরির বিষয়টি তদারকি করতেন। শনিবার বিকেলে বিকট শব্দে বায়োগ্যাস ট্যাংক বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা খামারে প্রবেশ করে জুবায়েরকে অচেতন অবস্থায় উদ্ধার করে জেলা সদরের একটি হাসপাতালে নিয়ে যান। রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জুবায়েরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে খামার মালিক বিল্লাল ভূঁইয়া গা ঢাকা দেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছেন। পরে আশুগঞ্জ থানার পক্ষ থেকে তাড়াইল থানা পুলিশকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে যায়। এ সময় পরিবারের সদস্যরা জানান, তাদের কোনো অভিযোগ নেই। ফলে এ অবস্থায় আইনি ব্যবস্থা নেয়া যাচ্ছে না। অভিযোগ পেলে খামার মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন