হোম খেলাধুলা আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মূল লক্ষ্য টিম কম্বিনেশন

খেলাধূলা ডেস্ক :

বিশ্বকাপের আগে টিম কম্বিনেশন খুঁজে পাওয়াটাই মূল লক্ষ্য টাইগার ম্যানেজমেন্টের। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে খেলবেন সবাই, এমনটাই আশা অধিনায়ক নুরুল হাসান সোহানের। যদিও কম্বিনেশনের অজুহাতে জয় ভিন্ন অন্য কিছু ভাবতে চান না তিনি। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও দুবাইয়ের মাঠে স্বাগতিকদের সমীহ করছেন সোহান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ আছে আর মাত্র ৬টা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠলে বাড়বে আরেকটা। এর মধ্যেই নিজেদের সেরা একাদশ থেকে শুরু করে সেরা বিকল্পগুলো খুঁজে নিতে হবে টাইগার ম্যানেজমেন্টকে। তাই তো, তাসমানপাড়ের সিরিজের জন্য অপেক্ষা না করে, মরুর দেশেই নিজেদের সম্ভাব্য সেরাদের খুঁজে নিতে চান শ্রীধরন শ্রীরাম।

সাকিব না থাকায়, সে জায়গায় সমস্যা হলেও এটাই আবার কিছুটা সুবিধা করে দিয়েছে থিংট্যাংকদের। স্ট্যান্ডবাই তালিকায় থাকাদের যাচাই করার সুযোগটা ভালোভাবেই নিতে পারবে টিম টাইগার। তাই তো আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে টিম কম্বিনেশনের আলোচনাটাই থাকছে শুরুর দিকে।

নুরুল হাসান সোহান বলেন, ‘এখানে দুটি ম্যাচ আছে। এরপর আমরা নিউজিল্যান্ডে খেলতে যাব। আমাদের সেরা কম্বিনেশন খোঁজার চেষ্টা করা হবে, যেন বিশ্বকাপে ব্যালান্সড দল পেয়ে যাই। বিশ্বকাপে একেক দিন একেক দলের সঙ্গে খেলা। একাদশ নির্ভর করবে সেদিনের পরিস্থিতি ও চাহিদার ওপর। এখানে ভালো সুযোগ সম্ভাব্য কম্বিনেশনগুলো পরীক্ষা করার।’

তবে, টিম কম্বিনেশনের দোহাই দিয়ে ম্যাচটা হারতে রাজি নন সোহান। শেষ ১৩ ম্যাচের ১১টিতেই হারা দলটা, দুবাই থেকে নিয়ে যেতে চায় একরাশ আত্মবিশ্বাস। তাই তো, কোনো ছাড় নয় প্রতিপক্ষকে।

পরিসংখ্যান বলছে, কাগজে কলমে ফেবারিট বাংলাদেশ। এর আগে একবার দেখা হওয়া ম্যাচটাও জিতেছিল টাইগাররাই। কিন্তু মিরপুরের সঙ্গে দুবাই এর উইকেটের ব্যবধান আকাশ-পাতাল। তাই স্বাগতিকদের নিয়ে ভাবতেই হচ্ছে আলাদা করে।

সোহান বলেন, ‘কোনো দলকে দুর্বল বলতে চাই না। তারা আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, তাদের অবশ্যই সামর্থ্য আছে। বিশেষ করে টি-টোয়েন্টিতে যে দিন যে দল ভালো খেলে, তারাই ভালো ফল পায়। আমাদের ভালো খেলা ছাড়া অন্য কোনো পথ নেই। প্রক্রিয়া অনুসরণ করে আমরা ভালো খেলার চেষ্টা করব।’

আইসিসি থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বীকৃতি পেলেও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে থাকছে না কোনো টিকিটের ব্যবস্থা। বিনামূল্যে ম্যাচ উপভোগ করতে পারবেন স্থানীয়রা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন