হোম খেলাধুলা আমাদের মূল টার্গেট বিশ্বকাপ, এশিয়া কাপ না: পাপন

খেলাধূলা ডেস্ক :

এশিয়া কাপ থেকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে আমূল পরিবর্তন আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তার দৃষ্টিতে এই মঞ্চটা বাংলাদেশের প্রধান টার্গেট নয়, বিশ্বকাপকে মাথায় রেখেই সবকিছুতে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ বিশ্বকাপই টাইগারদের মূল টার্গেট।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) মিরপুরে সংবাদ সম্মেলনে পাপন বলেন, ‘আমরা একটা পাওয়ার হিটিং কোচ নিয়ে কাজ করছিলাম। তখন জেমি বললো এটাতে ওর নজর আছে। ও এটা নিয়ে কাজ করছে। আমরাও বিষয়টা দেখছি। আর আমাদের মূল টার্গেট কিন্তু এশিয়া কাপ না, টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপটা অনেক চ্যালেঞ্জিং। কারণ ওটা হবে অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো জায়গায় আমরা স্ট্রাগল করি। ওইখানে কন্ডিশন, উইকেট; সবকিছু ভিন্ন। সেটার কথা মাথায় রেখেই আমরা কাজ করছি। তাই এশিয়া কাপে দলে কিছু পরিবর্তন করে দেখতে চাই।’

তিনি বলেন, ‘সামনে এশিয়া কাপ। আমরা টি-টোয়েন্টিতে অত ভালো দল না। এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্য কিছু না, কে প্রতিপক্ষ এটা বড় কথা না। আমাদের দলটা আসলে অত শক্তিশালী না। এবং কেন না, কী করা যায়- ভাবতে গিয়ে একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি যে, আমরা টোটাল চিন্তাধারা-মাইন্ডসেট একদম বদলে ফেলতে চাচ্ছি। এই এশিয়া কাপ থেকেই। এটা করে আমরা দেখতে চাচ্ছি একদম নতুন করে ফ্রেশ স্টার্ট করা যায় কি না।’

পাপনের ভাষ্য, ‘আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন হচ্ছে …আপনারা জানেন যে, আমাদের টি-টোয়েন্টিতে নিশ্চিত যারা, যারা নাকি ফার্স্ট চয়েস হিসেবে দলে থাকতই, যদি আপনাদের কাউকে টিম বানাতে বলি, যদি বলি সব প্লেয়ার অ্যাভেইলেবল, এখন টিম বানাও; তাহলে অবশ্যই আপনারা ওপেনিংয়ে তামিম-লিটনকে রাখতেনেই। কিন্তু এই দুজনই নেই। এটাও একটা বড় চ্যালেঞ্জ। আবার ধরেন, আপনি মিডল অর্ডারে ফিনিশিংয়ের জন্য কাউকে দরকার, তাহলে ন্যাচারালি আপনাদের মাথায় আসবে সোহান, ফর এগজাম্পল। এই ধরনের প্লেয়ারগুলো এবার নেই।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা এশিয়া কাপ থেকেই চিন্তাধারা বদলাতে চাই। নাহলে বিশ্বকাপে গিয়ে খুবই বাজে পারফরম্যান্স দেখতে হবে। সে জন্য আমরা একটা আমূল পরিবর্তন আনতে চাচ্ছি, মাইন্ডসেট পরিবর্তন করতে চাচ্ছি। আমাদের টার্গেট রাখতে হবে যেন ১৮০, ১৯০ বা ২০০ করতে পারি।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন