খেলাধূলা ডেস্ক :
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এর মধ্যে টেস্টে ১৩২, ওয়ানডেতে ৬৪ ও টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিয়েছেন তিনি।
অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে মিরাজের মোট উইকেটসংখ্যা ছিল ১৯৬। স্বাগতিকদের প্রথম ইনিংসে ৭ রানে কাইল মায়ার্স, ১ রানে জশুয়া ডা সিলভা, শূন্য রানে আলজারি জোসেফকে প্যাভিলিয়নে ফেরান মিরাজ। শেষে জেয়দেন সিলসের উইকেট নিয়ে ২০০ উইকেটের মাইলফলকে পা রাখেন তিনি।
বাংলাদেশের হয়ে ২০০ বা তার বেশি উইকেট নেয়া ষষ্ঠ ক্রিকেটার মিরাজ। ২০০ উইকেট শিকার করতে তার লেগেছে ১০৫ ম্যাচ। তিন ফরম্যাটে লাল-সবুজের প্রতিনিধিদের হয়ে সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসানের। ৩৭৯ ম্যাচে সাকিব নিয়েছেন ৬২৯ উইকেট।
এ ছাড়া ৩০৮ ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজার ৩৮৯, ২০০ ম্যাচে আবদুর রাজ্জাকের ২৭৯, ১৫২ ম্যাচে মুস্তাফিজুর রহমানের ২৪৯ ও ১৫৭ ম্যাচে মোহাম্মদ রফিকের উইকেট ২২০টি।
আন্তর্জাতিক ক্রিকেটে মিরাজের অভিষেক হয়েছিল ২০১৬ সালে। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজে ২ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন তিনি। ২ ম্যাচের সিরিজের মধ্যে প্রথম ৭ উইকেট ও দ্বিতীয় ১২ উইকেট শিকার করেন মিরাজ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশও জয় পায় ১০৮ রানের বড় ব্যবধানে।
