হোম জাতীয় ‘আনু চাচা আমারে আদর করতো’ জানালেন হত্যাকারী

জাতীয় ডেস্ক :

গাজীপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে অটোরিকশা চালক আনোয়ার হোসেন আনুকে (৫০) শ্বাসরোধে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর ঘাতকদের গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ এপ্রিল) ময়মনসিংহের ভালুকা ও ধোবাউড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমীর হোসেন এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- শ্রীপুরের বাঁশবাড়ি গ্রামের মৃত ফরহাদ আলীর ছেলে রুহুল আমিন (২৪), সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নায়ায়নদাহ গ্রামের শুক্কুর আলীর ছেলে আব্দুর রহিম (৩৪) এবং ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার চন্দ্রকোণা গ্রামের ফারুক হোসেনের ছেলে শরিফ আহমেদ (৩৫)। এ সময় ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু জাফর মোল্লা সময় সংবাদকে জানান, তথ্য প্রযুক্তির সহযোগিতায় ভালুকার আমতলি ও ধোবাউড়া উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

‘গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে রাত ১১টায় সিঁধ কেটে ঘরে প্রবেশ করে তারা। অটোরিকশা বের করার সময় শব্দ পেয়ে আনোয়ার হোসেন টের পেলে প্রধান আসামি রুহুল আমিনকে চিনে ফেলে। পরে রুহুল ও তার দুই সহযোগী আত্মরক্ষায় গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যাকাণ্ড ঘটায়। মূল ঘাতক রুহুল নিহত আনোয়ার ওরফে আনুর প্রতিবেশী ভাতিজা।’

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহুল-আনু তাকে খুব আদর করতো বলে স্বীকার করেন। যে কারণে মারতে না চাইলেও অন্য দুই আসামির পরামর্শে সেখানে তাকে হত্যা করেন।

আসামিদের ভাষ্য মতে, রাত সাড়ে ১২ টার দিকে মিশন শেষ করে সেখান থেকে চলে যান তারা।

১০ এপ্রিল রাতে শ্রীপুরের বাঁশবাড়ি গ্রামের মৃত হারেছ আলীর ছেলে আনোয়ার হোসেন আনুকে খুন করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা।

এদিকে, দ্রুত সময়ে মধ্য হত্যাকারীদের ধরা ও রহস্য উন্মোচন করায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন