মোংলা প্রতিনিধি :
দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আজ ১লা সেপ্টেম্বর থেকে আবারো উম্মুক্ত করে দেয়া হয়েছে সুন্দরবন। মাছের প্রজনন মৌসুমের কারণে গত ১লা জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত বনে পর্যটক ও জেলেদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিলো বনবিভাগ। মুলত মাছের প্রজনন নির্বিঘ্ন করতেই সে-সময় বনবিভাগ এ নিষেধাজ্ঞা জারি করে। কারণ মাছের প্রজনন মৌসুমে সুন্দরবনের নদী-খালে মাছ শিকার করলে ও পর্যটকবাহী নৌযান চলাচল করলে মাছের প্রজনন বিঘ্নিত হয়ে থাকে। তাই টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার ভোর থেকেই জেলেরা সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে নেমেছেন। সেই সাথে সকাল থেকে ট্যুর অপারেটররাও লঞ্চ, জালিবোট ও ট্রলারসহ বিভিন্ন নৌযানে পর্যটক পরিবহণ ও ভ্রমণে সুন্দরবনে প্রবেশ করতে শুরু করেছেন। তবে পদ্মা সেতু চালু হওয়ায় এ মৌসুমে সুন্দরবনে পর্যটকদের আগমন আগের তুলনা অনেক বাড়বে বলে জানিয়েছেন বনবিভাগ।
মোংলা থেকে সুন্দরবনের করমজল, হাড়বাড়ীয়া, হিরণপয়েন্ট, নীলকমল, কটকা, কচিখালী ও দুবলা চরে ভ্রমণ করে থাকেন দেশ-বিদেশী দর্শনার্থীরা। দিনকে দিন দর্শনার্থীদের চাপ বাড়তে থাকায় নতুন করে আকর্ষণীয় ভাবে বনের আন্ধারমানিক ও আলীবান্ধায় দুইটি পর্যটন কেন্দ্র গড়ে তুলেছেন বনবিভাগ।
