আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের পূর্বাঞ্চলের একটি পরিত্যক্ত লোহার ব্রিজ খুলে নিয়ে গেছে ধাতব চোরেরা।
শনিবার (৯ এপ্রিল) কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।
সেচ কর্মকর্তাদের বেশ ধরে চোরেরা এই অসম্ভব কাণ্ডটি ঘটিয়েছেন। উত্তর বিহারের ৫০০-টনের ব্রিজটি প্রথম চুরি করে নিয়ে যাওয়ার খবর আসে বুধবার। ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্যের একটি বিহার।
পুলিশ কর্মকর্তা সুভাষ কুমার বলেন, সরকারি সেচ কর্মকর্তাদের বেশ ধরে আসেন চোরেরা। সঙ্গে করে বুলডোজার ও গ্যাস কাটারও নিয়ে এসেছিলেন। মালামাল লুট করে নিয়ে যাওয়ার আগে তারা ব্রিজটি ভালোভাবে খুলে ফেলেন।
তিনি বলেন, এরপর বড় গাড়িতে করে জিনিসপত্র নিয়ে গেছেন তারা। একটি খালের ওপর ব্রিজটি স্থাপন করা ছিল। বছর পাঁচেক আগে পাশেই আরেকটি ব্রিজ নির্মাণ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল।
সেই সুযোগে পঞ্চাশ বছরের পুরনো ব্রিজটি খুলে নিয়ে পালিয়েছে চোরেরা। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় পুলিশ। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
