আন্তর্জাতিক ডেস্ক :
আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের উপ পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মাদ স্তানিকজাই রাজধানী কাবুলে ফিরেছেন বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম পার্সটুডে।
তালেবানের গণমাধ্যম অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মাদ জালাল এক টুইটার বার্তায় এ খবর প্রকাশ করেছেন। মোহাম্মাদ জালাল, আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবান নেয়ার পর এই প্রথম মোল্লা স্তানিকজাই কাবুলে প্রবেশ করলেন।
এর আগে তালেবানের আলোচক প্রতিনিধিদলের প্রধান ছিলেন স্তানিকজাই। এছাড়া তিনি কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরে উপ প্রধানের দায়িত্ব পালন করেছেন।
পার্সটুডে জানায়, শের মোহাম্মাদ স্তানিকজাই আফগানিস্তানের উপ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়ে মনঃক্ষুন্ন হয়েছেন। তালেবান সরকারের গুরুত্বপূর্ণ পদমর্যাদার কোনো পদ পাবেন বলে আশা করেছিলেন স্তানিকজাই।
কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে তালেবানের যে সংলাপের মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ক্ষেত্র সৃষ্টি হয় আব্বাস স্তানিকজাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এছাড়া ভারত রাশিয়াসহ অন্যান্য দেশের সঙ্গে তালেবানের আলোচনায়ও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের মধ্যেই ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালেবান।
