জাতীয় ডেস্ক :
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন সময়সূচি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের হেলাফেলা করা যাবে না।
রোববার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে এ নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
জ্বালানি সাশ্রয়ে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। তবে অনেকেই সময়মতো অফিসে আসেন না বা আসতে পারে না। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গতকাল বন্ধের দিনও এ বিষয়ে ইনস্ট্রাকশন দিয়েছি। সময়সূচি নিয়ে কোনোভাবেই হেলাফেলা করা যাবে না। সকাল ৮টার মধ্যেই অফিসে উপস্থিত হতে হবে, আর বিকেল ৩টার আগে কোনোভাবেই বের হতে পারবে না।’
নতুন এই সময়সূচি কতদিন চলবে, প্রমন প্রশ্নে তিনি বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত চালু থাকবে।’
সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের নতুন সময়সূচি গত ২৪ আগস্ট থেকে কার্যকর হয়েছে।
