খেলাধূলা ডেস্ক :
টি-টোয়েন্টিতে নেতৃত্ব বদল নিয়ে আলোচনাটা দীর্ঘ দিনের। গুঞ্জন ছিল মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় এ সংস্করণে টাইগারদের দায়িত্ব পেতে পারেন সাকিব আল হাসান। তবে তাদের দুজনকে বিশ্রামে রেখে নেতৃত্ব দেয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। এদিকে মাহমুদউল্লাহ রিয়াদকে এখনই দায়িত্ব থেকে সরানো হচ্ছে না বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
মিরপুরে শুক্রবার (২২ জুলাই) জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের টি-টোয়েন্টি ও ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করে বিসিবি।
যেখানে সবাইকে চমকে দিয়ে টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়ক ঘোষণা করা হয় নুরুল হাসান সোহানকে। সংক্ষিপ্ত সংস্করণে নতুন অধিনায়কের নাম ঘোষণার আগে অবশ্য এ সংস্করণে এতদিন নিয়মিত নেতৃত্ব দেয়া মাহমুদউল্লাহর সঙ্গে আলোচনা করে নেয় বোর্ড।
এ বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘টি-টোয়েন্টি ও টেস্টে আমরা ধারাবাহিকভাবে উন্নতি করতে পারছিলাম না। সামনে জিম্বাবুয়ের বিপক্ষে একটা টি-টোয়েন্টি সিরিজ ছিল। তাই আমরা আগে এ সংস্করণ নিয়ে আলাপ আলোচনা করেছি। আমাদের টি-টোয়েন্টিতে অধিনায়ক ছিল মাহমুদউল্লাহ রিয়াদ। তার অধিনায়কত্ব ইস্যু নিয়ে বেশ কিছুদিন ধরে আলাপ-আলোচনা হচ্ছিল। আমরা তাকে আজকে ডেকেছি। তার সঙ্গে কথা বলে আমরা জিম্বাবুয়েতে নতুন টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। এ দলটাকে নেতৃত্ব দেয়ার জন্য আমরা সোহানকে দায়িত্ব দিয়েছি। সেটা আমরা মাহমুদউল্লাহ রিয়াদকে জানিয়েছি।’
মাহমুদউল্লাহকে জিম্বাবুয়ে সিরিজে নেতৃত্ব থেকে সরানোর পাশাপাশি রাখা হয়েছে বিশ্রামে। তার সঙ্গে বিশ্রাম দেয়া হয়েছে মুশফিকুর রহিমকেও। তাছাড়া আগে থেকে ছুটি নেয়ায় এ সিরিজে থাকছেন না সাকিব আল হাসান। টি-টোয়েন্টি থেকে অবশ্য এখনই মাহমুদউল্লাহর নেতৃত্ব কেড়ে নেয়া হচ্ছে না। আবার সোহানকেও এশিয়া কাপ, ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব দেয়া হয়নি। শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্যই এ রদবদল করেছে বিসিবি।
বিষয়টি নিশ্চিত করে জালাল ইউনুস বলেন, ‘ জিম্বাবুয়ে সিরিজে নতুন দল কেমন পারফর্ম করে সেটা দেখতে চাচ্ছি। পরেরটা পরে চিন্তা করব। এখনকার দল চূড়ান্ত নয়। তবে পরীক্ষামূলক বলব না। আমরা চেষ্টা করছি। জিম্বাবুয়ে সিরিজের জন্য রিয়াদকে আপাতত বিশ্রাম দেয়া হয়েছে।’
বিষয়টি আরও খোলাসা করে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘রিয়াদকে আমরা সরিয়ে দিচ্ছি না। তার এখন বিশ্রাম প্রয়োজন। হয়তো পরের সিরিজেই সে ব্যাক করবে। সোহানকে শুধু জিম্বাবুয়ের সিরিজের জন্য নেতৃত্ব দেয়া হয়েছে। বিশ্বকাপ পর্যন্ত তাকে অধিনায়ক করা হয়নি।’
নতুন অধিনায়ক নিয়োগ ও নিজেকে বিশ্রাম দেয়া প্রসঙ্গে মাহমুদউল্লাহর প্রতিক্রিয়া কেমন ছিল? গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘ রিয়াদ অনেক ইতিবাচক ছিল। ওর কিছু প্রশ্ন ছিল আমরা উত্তর দিয়েছি। সে সবকিছু খুব ইতিবাচকভাবেই নিয়েছে।’
