মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :
চট্টগ্রামের মিরসরাইয়ের ধুমঘাট ব্রিজ এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা নারীর লাশের পরিচয় পেয়েছে পুলিশ। ৩৫ বছর বয়সী ওই নারী কিশোরগঞ্জের বাসিন্দা বলে জানিয়েছে তারা। ওই নারী মৃত্যুর আগে ধর্ষণের শিকার হয়েছেন কি না সেটা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা খোরশেদ আলম গণমাধ্যমকে জানিয়েছেন, ওই লাশের হাতের আঙুলের ছাপ জাতীয় পরিচয়পত্রের আঙুলের সঙ্গে মিলে গেছে। জাতীয় পরিচয়পত্রে ওই নারীর নাম উল্লেখ করা হয়েছে রাজিয়া খাতুন। সে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার কুমারিয়াকান্দি গ্রামে আমির উদ্দিনের মেয়ে।
গত ১৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ঢাকা- চট্টগ্রাম রেলপথের উপজেলার ধুমঘাট ব্রিজ থেকে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। মহিলাটির লাশের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন থাকলেও এটি রেলে কাটা পড়েনি। ফলে অনেকেই ধারণা করছেন এটি কোনো দুর্ঘটনা নয়। বরং আগে থেকে হত্যা করে তার লাশ এখানে ফেলে যাওয়া সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
এছাড়া ওই নারী মৃত্যুর আগে ধর্ষণের শিকার হয়েছেন কি না সেটা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে পুলিশ।
