জাতীয় ডেস্ক :
নারায়ণগঞ্জে বিএনপিদলীয় একসময়ের শীর্ষ সন্ত্রাসী ও আন্ডারওয়ার্ল্ডের গডফাদার জাকির খানকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা এলাকার ফ্ল্যাট বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইন্টারপোলের তালিকাভুক্ত সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী জাকির খান প্রায় একুশ বছর বিদেশে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি ভারত হয়ে দেশে এসে অবস্থান করছিলেন। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ সদর দফতরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, জাকির খানের বিরুদ্ধে চারটি হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে এবং এসব মামলায় এর আগে তিনি জেলও খেটেছেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি আরও দুর্ধর্ষ হয়ে ওঠেন। শহরের দেওভোগ এলাকায় বিশাল সন্ত্রাসী বাহিনী ও মাদক কারবারের সাম্রাজ্য গড়ে তোলেন। একপর্যায়ে শহরের দেওভোগ এলাকার প্রতিপক্ষ শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করে শহরের ত্রাস হিসেবে পরিচিত হয়ে ওঠেন।
প্রাথমিক অনুসন্ধান ও আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ১৯৯৪ সালে সন্ত্রাসমূলক অপরাধ দমন বিশেষ আইনে করা একটি মামলায় জাকির খানের সতেরো বছরের সাজা হয়। পরবর্তী সময়ে উচ্চ আদালতে সাজা কমে আট বছর হলেও তিনি গ্রেফতার এড়াতে দেশে-বিদেশে দীর্ঘ প্রায় একুশ বছর পলাতক ছিলেন। মূলত ২০০৩ সালে ব্যবসায়ী সাব্বির আলম হত্যা মামলায় আসামি হলে জাকির খান দেশ থেকে পালিয়ে থাইল্যান্ড চলে যান। এই দীর্ঘসময় সেখানে আত্মগোপনে থাকার পর সম্প্রতি ভারত হয়ে তিনি বাংলাদেশে আসেন। এরপর থেকে পরিচয় গোপন করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে সপরিবারে বসবাস করছিলেন।
র্যাব জানিয়েছে, গ্রেফতার জাকির খানের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
