আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনে মার্কিন-নির্মিত হিমরাস রকেট ব্যবস্থার গোলাবারুদ ধ্বংসের দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৫ জুলাই) খেমেলনিৎসে অঞ্চলের বগদানোভৎসিতে রাশিয়া এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে।-খবর রয়টার্সের
তবে রুশ বাহিনীর এই দাবি স্বাধীনভাবে যাচাই করে দেখতে পারেনি রয়টার্স। এরআহে রাশিয়ার অর্ধশতাধিক গোলাবারুদের ভাণ্ডার ধ্বংস করে দেয়ার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এই হামলার জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমরাস রকেট ব্যবস্থা ব্যবহার করা হয়েছে।
সোমবার (২৫ জুলাই) ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসেই রেজনিকভ এমন দাবি করেছেন। টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, এই হামলায় তাদের রসদ সরবরাহের ধারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অর্থাৎ সেনাদের জন্য নিয়মিত রসদ সরবরাহ করতে পারছে না।
রেজনিকভ বলেন, এছাড়াও এতে তারা নিজেদের সক্রিয় যুদ্ধ অব্যাহত রাখতে পারবে না। আর গোলাবারুদের ভয়াবহ হামলা থেকে আমাদের বাহিনী সুরক্ষিত থাকতে পারবে।
তবে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর দাবি স্বাধীনভাবে যাচাই করে দেখতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। এ নিয়ে রাশিয়ার কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রেজনিকভ বলেন, বেশ কয়েকটি সেতুতে সুনির্দিষ্টভাবে হামলা করতে সক্ষম হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এ বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য না দিলেও তার বক্তব্য থেকে তিনটি নদীর সংযোগস্থলের কথা এসেছে। তিনটিই রাশিয়ার অধিকৃত খেরসন অঞ্চলের।
তবে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গত সপ্তাহে খেরসনে হিমরাস রকেট ব্যবস্থা দিয়ে হামলা হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তারা তিনটি বিমানবিধ্বংসী সাঁজোয়া যান পেয়েছে। এছাড়াও কয়েক ডজন লিপার্ড ট্যাংকের অপেক্ষায় আছে ইউক্রেন।
এরআগে কয়েকটি হিমরাস রকেট ব্যবস্থা ধ্বংসের দাবি করেছিল রাশিয়া। যদিও তা অস্বীকার করেছে ইউক্রেন। কিয়েভের কর্মকর্তারা বারবার বলে আসছে, ইউক্রেনের সামরিক সক্ষমতার জন্য পশ্চিমা অস্ত্রের সরবরাহ অব্যাহত থাকা অপরিহার্য। রাশিয়ার কামানের শ্রেষ্ঠত্ব ও গোলাবারুদের পরিমাণের বিবেচনায় নিয়ে তারা হিমরাসের গুরুত্বের ওপরও জোর দিচ্ছে।
সোভিয়েত আমলের কামানের চেয়ে হিমরাস দীর্ঘপাল্লার ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইউক্রেনকে হিমরাস সরবরাহ করায় যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছে রাশিয়া।
