বিনোদন ডেস্ক :
ঈদুল আজহার আলোচিত সিনেমা ‘পরাণ’। রায়হান রাফির পরিচালনায় নির্মিত সিনেমাটি নিয়ে উন্মাদনা কমছেই না। ১১ দিয়ে শুরু, বর্তমানে ৫৫টি হলে চলছে ‘পরাণ’।
নতুন খবর হলো, আসছে সপ্তাহে আরও বাড়ছে সিনেমাটির হলসংখ্যা। এবার ৬০টি হলে চলবে ‘পরাণ’। এমনটাই জানিয়েছেন সিনেমাটির পরিবেশক জাহিদ হাসান অভি।
তিনি জানান, শুক্রবার (২৯ জুলাই) থেকে নতুন ১৭টি হলসহ মোট ৬০টি সিনেমা হলে চলবে সিনেমাটি। সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে দিনে থাকছে ১৬টি শো।
লাইভ টেকনোলজিসের ব্যানারে নির্মিত হয়েছে ‘পরাণ’। দেশের দর্শকদের চাহিদা পূরণ করে দেশের বাইরে মুক্তি পাচ্ছে ‘পরাণ’। এমনটাই জানা গেছে প্রযোজনা সংস্থা সূত্রে।
সিনেমাটির প্রযোজক ইয়াসির আরাফাত জানান, ভারত, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, লন্ডন, ওমান, দুবাই, কানাডায় মুক্তি পাবে ‘পরাণ’। সে প্রক্রিয়া শুরু হয়েছে। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান, শরীফুল রাজ, শিল্পী সরকার অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপু, মিলি বাশার প্রমুখ।
