জাতীয় ডেস্ক :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় তিনা খানম নামে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) কোটালীপাড়া উপজেলার ৪ নং ফেরধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাহলী পারভিন পান্না বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১২ সেপ্টেম্বর স্কুল খোলার পর ১৭ তারিখ তার বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী তিনা খানম ও তার মা করোনায় আক্রান্ত হয়।
ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আরও জানান, বিষয়টি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অবহিত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে শিক্ষাপ্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
করোনায় আক্রান্ত ওই শিক্ষার্থী ও তার মা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান ওই শিক্ষিকা।
