হোম অর্থ ও বাণিজ্য সোয়া কোটি লিটার সয়াবিন তেল কিনছে টিসিবি

বাণিজ্য ডেস্ক :

নিম্ন আয়ের মানুষকে সাশ্রয়ী মূল্যে সয়াবিন তেল সরবরাহ করতে রাষ্ট্রীয় বাণিজ্যিক সংস্থা টিসিবির মাধ্যমে ১ কোটি ২৫ লাখ (সোয়া কোটি) লিটার সয়াবিন তেল কিনতে যাচ্ছে সরকার। এ তেলের লিটারপ্রতি ক্রয়মূল্য পড়বে ১৭১ থেকে ১৭৩ টাকা। এতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ২১৫ কোটি টাকা।

বুধবার (১৭ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ক্রয় প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। বৈঠকে মোট ১৬টি প্রস্তাব অনুমোদিত হয়।

এর আগে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়। দুটি বৈঠকেই সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল বারিক সাংবাদিকদের বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবে সরাসরি ৪০ লাখ লিটার সয়াবিন তেল কেনার ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে এ তেল কেনা হবে। প্রতি লিটার সয়াবিন তেল ১৭৩ দশমিক ৯৫ টাকায় কেনা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের পৃথক প্রস্তাবে ৮৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ লটে প্রতি লিটার সয়াবিন তেল ১৭১ টাকায় কেনা হবে। এডিবল অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ২০ লাখ লিটার, বসুন্ধরা মাল্টিফুড প্রোডাক্ট লিমিটেড থেকে ৩৫ লাখ লিটার এবং সিনো এডিবল অয়েল লিমিটেড থেকে ৩০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে।

ক্রয় কমিটির অনুমোদিত ১৬টি প্রস্তাবের মোট অর্থের পরিমাণ ১ হাজার ৮৯৫ কোটি টাকা। মোট অর্থায়নের মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ৫৬৩ কোটি ৪৭ লাখ এবং দেশীয় ব্যাংক, এডিবি ও বিশ্বব্যাংক ঋণ ১ হাজার ৬০ কোটি ২৬ লাখ টাকা পাওয়া যাবে।

সরকারি ক্রয় কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের ৭টি, শিল্প মন্ত্রণালয়ের ৪টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি এবং স্থানীয় সরকার বিভাগের ১টি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ৩টি প্রস্তাবনা ছিল।

এ ছাড়া ভোক্তাদের চাহিদার কথা চিন্তা করে ৫ হাজার টন মসুর ডাল কিনবে সরকার। প্রতি কেজির দাম পড়বে ১১১ টাকা। যা সাশ্রয়ী মূল্যে সারা দেশে নিম্ন আয়ের মানুষকে সরবরাহ করা হবে।

এরমধ্যে নাবিল নওগাঁ ফুড লিমিটেড থেকে ১ হাজার মেট্রিক টন, এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড ৩ হাজার মেট্রিক টন এবং এমএস রায় ট্রেডার্স লিমিটেড থেকে ১ হাজার মেট্রিক টন ডাল কেনা হবে।

এ ছাড়া ভিন্ন লটে দেশীয় ও আন্তর্জাতিক বাজার থেকে ১ লাখ ২০ হাজার টন ইউরিয়া সারও আমদানি করবে সরকার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন