হোম জাতীয় সেপ্টেম্বরেও কমেছে রেমিট্যান্স

জাতীয় ডেস্ক :

চলতি বছরের সেপ্টেম্বরেও কমেছে রেমিট্যান্স। আগের দুই মাসেও উল্লেখযোগ্য হারে কমেছে বৈদেশিক আয়। সবমিলে গত তিন মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৫৪১ কোটি ডলার। অথচ গত অর্থবছরের একই সময়েও রেমিট্যান্স এসেছিল ৬৭১ কোটি ডলার। অর্থাৎ এ তিন মাসে রেমিট্যান্স কমেছে ১৩১ কোটি ডলার বা ১৯ দশমিক ৪৪ শতাংশ।

হুন্ডি প্রবণতা বেড়ে যাওয়া, করোনার কারণে কাজ হারিয়ে দেশে ফিরে এসেছেন প্রবাসীরা। সে তুলনায় লোক কম যাওয়াসহ বিভিন্ন কারণে রেমিট্যান্স কমে থাকতে পারে বলে সংশ্নিষ্টদের ধারণা। রেমিট্যান্সের পাশাপাশি রপ্তানিও কমেছে। তবে বেড়েছে আমদানি। যে কারণে ডলারের দর বেড়ে আন্তঃব্যাংক মুদ্রাবাজারেই রোববার ৮৫ টাকা ৫০ পয়সায় বেচা-কেনা হয়েছে।

সংশ্নিষ্টরা জানান, করোনার কারণে বিশ্বের অধিকাংশ দেশে বিনিয়োগ পরিস্থিতি খারাপ ছিল। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় আবার পাচার প্রবণতা বেড়ে থাকতে পারে। ফলে মাঝে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানো অনেকে আবার হুন্ডি কারবারিদের মাধ্যমে পাঠাচ্ছেন। এছাড়া গত অর্থবছরে করোনা শুরুর পর কাজ হারিয়ে কিংবা আতংকের কারণে অনেকে জমানো টাকা নিয়ে দেশেও ফিরেছিলেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের সেপ্টেম্বরে প্রবাসীরা মোট ১৭৩ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই মাসে এসেছিল ২১৫ কোটি ডলার। এর মানে গত সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স কমেছে ৪২ কোটি ৪৮ লাখ ডলার বা ১৯ দশমিক ৭৫ শতাংশ। আবার চলতি বছরের সেপ্টেম্বরের এ রেমিট্যান্স গত ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন।

সেপ্টেম্বরে বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩২ কোটি ডলার। সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৪০ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোতে ৭৬ লাখ ডলার। এককভাবে সর্বোচ্চ ৪৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশের মাধ্যমে। যা মোট রেমিট্যান্সের ২৬ দশমিক ৭৪ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ২০ কোটি ডলার বা ১১ দশমিক ৮০ শতাংশ এসেছে ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে। আর তৃতীয় সর্বোচ্চ ১৫ কোটি ডলার বা ৮ দশমিক ৬২ শতাংশ এসেছে অগ্রণী ব্যাংকের মাধ্যমে।

করোনার মধ্যে ২০২০-২১ অর্থ বছরে প্রবাসীরা রেকর্ড দুই হাজার ৪৭৮ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠান। যেখানে আগের অর্থবছর এসেছিল এক হাজার ৮২০ কোটি ডলার। এ হিসেবে গত অর্থবছরে রেমিট্যান্স বেড়েছিল ৬৫৭ কোটি ডলার বা ৩৬ দশমিক ১০ শতাংশ। আগে কখনও এক অর্থবছরে এত বেশি পরিমাণ রেমিট্যান্স আসেনি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন