হোম আন্তর্জাতিক সু চির বিরুদ্ধে মামলার রায় ঘোষণা পেছাল

 

আন্তর্জাতিক ডেস্ক :

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে করা একটি মামলার রায় ঘোষণা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ছয় ডিসেম্বর রায় ঘোষণার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সামরিক শাসনের অধিনে থাকা একটি আদালতে এই রায় পেছানো হয়। এদিন সু চির বিরুদ্ধে জান্তাবিরোধী উত্তেজনা উস্কে দেওয়া এবং কোভিড বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে হওয়া একটি মামলার রায় হওয়ার কথা ছিল। দোষী সাব্যস্ত হলে প্রথমটিতে দু’বছর এবং পরেরটিতে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে সু চির।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির-এনএলডির শীর্ষ নেতাদের। তখন থেকেই গৃহবন্দী ৭৬ বছর বয়সী সু চি। বর্তমানে তার বিরুদ্ধে ঔপনিবেশিক যুগের রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গ, দুর্নীতি, অবৈধভাবে ওয়াকিটকি রাখা এবং নির্বাচনী প্রচারণায় করোনার বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে বিচার চলছে।

এরমধ্যেই সু চির বিরুদ্ধে নতুন আরেকটি অভিযোগ দায়ের করেছে জান্তা সরকার। গত বছর অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতি এবং বেআইনি কাজের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। একই অভিযোগ আনা হয়েছে সাবেক প্রেসিডেন্ট উইন মিন্ট, নির্বাচন কমিশনের চেয়ারম্যানসহ আরও ১৫ জন কর্মকর্তার বিরুদ্ধেও।

এদিকে জান্তা সরকারের দমন-পীড়নের হাত থেকে বাঁচতে এবার অস্ত্র হাতে তুলে নিচ্ছে মিয়ানমারের নারীরা। কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর মতো নারীরাও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তৈরি করছে। সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের উন্নত প্রশিক্ষণও দেওয়া হচ্ছে বলে ওই খবরে বলা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন