নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালীগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে গোলাম হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে ১লক্ষ টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদ্বন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোলাম হোসেনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে এ সময় অপদ্রব্য মিশ্রিত ১’শ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম জানান, ধলবাড়িয়া ইউনিয়নের গোলাম হোসেনের বাড়িতে বিপুল পরিমান বাগদা চিংড়িতে ভাতের মাড়, সাবু, তেলাকচুপাতার রসসহ বিভিন্ন প্রকার অপদ্রব্য মিশিয়ে পুশ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় সেখান থেকে বিভিন্ন প্রকার অপদ্রব্য মেশানো ১’শ’ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জনসম্মুখে জব্দকৃত চিংড়ি মাছ বিনষ্ট করা হয়। এছাড়া ব্যবসায়ী গোলাম হোসেনকে ১মাসের বিনাশ্রম কারাদ্বন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয় বলে উপজেলা নির্বাহীকর্মকর্তা আরো জানান।
