হোম জাতীয় সাংবাদিক অপূর্ব অপুকে অপহরণচেষ্টায় জড়িতরা চিহ্নিত সন্ত্রাসী

জাতীয় ডেস্ক :

সময় সংবাদের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণচেষ্টায় জড়িতরা চিহ্নিত সন্ত্রাসী। জমি দখল, সেনা সদস্যের বাড়িতে হামলা, মাদক ব্যবসার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

এরমধ্যে নেতৃত্ব দেয়া ছাত্রদল নেতা জেহাদ নগরীর ত্রাস বলে জানা গেছে। তবে অপহরণচেষ্টা মামলায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

চলতি মাসের ২৪ তারিখ দলবল নিয়ে বরিশাল নগরীতে এক সেনা সদস্যের বাড়িতে সন্ত্রাসী হামলা চালায় জেহাদুল ইসলাম জেহাদ। ওই সেনা সদস্য ও তার পরিবারের অন্য সদস্যদের বাড়িতেও হামলা করে তারা। এ জেহাদই গতকাল রোববার (২৯ মে) সময় সংবাদের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু‌কে অপহরণচেষ্টায় মূল অভিযুক্ত।

অপুকে অপহরণচেষ্টায় নেতৃত্ব দেয়া জেহাদুল ইসলাম জেহাদ এক সময় বরিশাল নগরীর ত্রাস ছিল। র‌্যাবের তালিকাভুক্ত সন্ত্রাসী সে। বরিশাল জেলা ছাত্রদলের সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক জেহাদ দীর্ঘদিন ছিলেন আত্মগোপনে। জেহাদের ভয়ে এক সময় তটস্থ ছিল বরিশাল নগরবাসী।

বরিশালে এনটিভির সিনিয়র রিপোর্টার আক্তার ফারুক শাহীন বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন সে (জেহাদ) ত্রাসের রাজত্ব কায়েম করেছিল নগরীর উত্তরাঞ্চলে। সেনা সদস্যের জমি দখল ও চাঁদাবাজি, সন্ত্রাস যতরকম অপকর্ম আছে করেছে সে। জেহাদের একটা নিজস্ব বাহিনীও ছিল।

জড়িত বাকি তিনজনও এলাকার চিহ্নিত অপরাধী। এরমধ্যে ট্যারা হাবিব, নূরে আলমের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। আরেকজন চিড়া মামুন, তার বিরুদ্ধেও মাদকের মামলা রয়েছে বলে জানা গেছে।

ঘটনার দিন রাতেই নগরীর কোতোয়ালি মডেল থানায় সাংবাদিক অপূর্ব অপু বাদী হয়ে অজ্ঞাতপরিচয় পাঁচ-সাত জন‌কে আসামি করে একটি মামলা করেন।

বিএমপির কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম বলেন, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হবে। ডিবি কাজ করছে, ফুটেজ পর্যালোচনার পর চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং একজনকে আটক করে এরইমধ্যে জড়িতদের চিহ্নিত করেছে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক মুমীতু কমিউনিটি সেন্টারের মালিক মামুন সময় সংবাদকে জড়িতদের নাম পরিচয় জানিয়েছেন।

মামুন বলেন, সাংবাদিককে অপহরণচেষ্টায় অভিযুক্তদের মধ্যে একজন হলো- পটল(ট্যারা হাবিব), তার বাড়ি বিসিক। জেহাদের বাসা কাউলিয়া ও আরেকজন চিড়া মামুন।

মহানগর গো‌য়েন্দা পু‌লি‌শের উপক‌মিশনার বলছেন, জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মনজুর রহমান সময় সংবাদকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত যারা, তাদের আমরা শনাক্ত করতে পেরেছি প্রাথমিকভাবে। তাদের ধরার জন্য কাল থেকেই আমাদের অভিযান চলছে। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।

রোববার বরিশাল নগরীর কা‌লীবা‌ড়ি রো‌ডে সময় সংবাদের অফি‌সে যাওয়ার সময় মুমী‌তু ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রের সামনে জেহা‌দের নেতৃত্বে সাংবা‌দিক অপু‌কে অপহর‌ণের চেষ্টা চালা‌নো হ‌য়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন