হোম জাতীয় সরকারি কর্মকর্তারা বিদেশ সফরে যেতে পারবেন, তবে…

জাতীয় ডেস্ক :

দক্ষতা বৃদ্ধির কার্যক্রমের অংশ হিসেবে সরকারি কর্মকর্তারা বিদেশ ভ্রমণ করতে পারবেন। যদিও চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে তাদের বিদেশ যেতে বারণ আছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) এক পরিপত্রে এমন নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগ।

এতে বলা হয়, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় এক্সপোজার ডিজিট, শিক্ষা সফর, এপিএ ও ইনোভেশনকেন্দ্রিক বৈদেশিক ভ্রমণ, ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ বন্ধ থাকবে। কিন্তু দক্ষতা বাড়াতে চাইলে তারা বিদেশ যেতে পারবেন।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি অর্থায়নে হোক কিংবা বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বিশ্ববিদ্যালয় ও দেশ যেসব স্কলারশিপ বা ফেলোশিপ দিচ্ছে, তাতে বৈদেশিক অর্থায়নে মাস্টার্স ও পিএইচডি করতে বিদেশ ভ্রমণ করা যাবে।

আবার সরকারের সঙ্গে বিভিন্ন বৈদেশিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান কিংবা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক অনুসারে বিশেষায়িত কিংবা পেশাগত প্রশিক্ষণে যেতে পারবেন।

এছাড়াও বিদেশি সরকার, প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগীর আমন্ত্রণে ও সম্পূর্ণ অর্থায়নে বৈদেশিক প্রশিক্ষণে অংশ নেয়া যাবে।

সরবরাহকারী, ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠানের অর্থায়নে সেবা কিংবা পণ্যের গুণগত মান পরীক্ষা ও পরিদর্শন করতে যেসব কর্মকর্তার কারিগরিজ্ঞান আছে, এমন কর্মকর্তারা বিদেশে যেতে পারবেন।

এরআগে গত ১২ মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের বিদেশভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে পরিপত্র জারি করা হয়েছিল। তাতে বলা হয়, করোনা মহামারিতে অর্থনৈতিক পুনরুদ্ধার ও বর্তমান বৈশ্বিক সংকটের কারণে পরকর্তী আদেশ না দেয়া পর্যন্ত এক্সপোজার ভিজিট, স্টাডি ট্যুর ও ইনোভেশনের আওতাভুক্ত ভ্রমণ এবং ওয়ার্কশপ, সেমিনারে অংশগ্রহণসহ সব প্রকার বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে।

এ আদেশ উন্নয়ন বাজেট ও পরিচালন বাজেট উভয় ক্ষেত্রে প্রযোজ্য এবং কার্যকর হবে বলেও জানানো হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন