আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বের প্রথম দেশ হিসেবে দুই বছর বয়সী শিশুদের করোনার টিকার আওতায় নিয়ে আসছে লাতিন আমেরিকার দেশ কিউবা। এরইমধ্যে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় এই বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মহামারি করোনা মোকাবিলায় অনেক দেশই ১২ বছর বয়সী শিশুদের টিকার আওতায় নিয়ে এসেছে। চীন ও ভেনেজুয়েলাসহ বেশ কয়েকটি দেশ আরও কম বয়সী শিশুদের টিকার আওতায় নিয়ে আসার কথা ভাবছে।
এরই মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছে লাতিন আমেরিকার ছোট্ট একটি দেশ কিউবা।
দেশটিতে দুই বছর বয়সী শিশুদের টিকা দেয়া কার্যক্রম শুরু হয়েছে। চলতি মাসে শুরু হওয়া এই কর্মসূচি, শিশুদের স্কুলে ফেরানোর উদ্দেশ্যে চালু করা হয়েছে বলে জানিয়েছে কিউবা কর্তৃপক্ষ।
কিউবায় ধাপে ধাপে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। আগামী মাসে শিশুদের টিকার আওতায় এনে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এরইমধ্যে ধাপে ধাপে শিশুদের টিকা দেয়া হচ্ছে। প্রথম ধাপে টিকা পেয়েছে ১২ ও এর বেশি বয়সী শিশুরা।
এর পরের ধাপে টিকা দেয়া হচ্ছে ২ বছর বয়সী শিশুদের।
মহামারি করোনা ছড়িয়ে পড়লে গতবছরের মার্চে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় কিউবা। অবশেষে নিজেদের তৈরি টিকা দিয়েই শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে ফিদেল কাস্ত্রোর দেশ।
