হোম জাতীয় শতভাগ নিরাপত্তা না হলে বিআরটি প্রকল্পের কাজ শুরু হবে না: শফিকুল ইসলাম

জাতীয় ডেস্ক :

শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হলে ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজে শুরু হবে না। প্রকল্প পরিদর্শন শেষে শুক্রবার (২৬ আগস্ট) দুপুর পৌনে ১২টায় গাজীপুর চৌরাস্তায় ব্রিফিংয়ে এ তথ্য জানান বিআরটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুল ইসলাম।

এ দিন সকাল সাড়ে ৯টায় রাজধানীর বিমানবন্দরের বলাকা কার্যালয়ের সামনে থেকে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে বিআরটি করিডোর পরিদর্শন করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে পরিদর্শন শেষে এমডি জানান, প্রকল্পের ফিজিক্যাল নির্মাণকাজ আরএসবি অংশের ১৬ কিলোমিটারের ৮২ দশমিক ৯ শতাংশ সম্পন্ন হয়েছে। বিবিএ অংশের সাড়ে ৪ কিলোমিটারের কাজ সম্পন্ন হয়েছে ৭২ দশমিক ৩৫ শতাংশ। সব মিলিয়ে মোট নির্মাণকাজ শেষ হয়েছে ৭৯ দশমিক ৯ শতাংশ।

বাকি কাজ সম্পন্ন করার প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে জানিয়ে তিনি বলেন, শতভাগ সক্ষমতা ব্যবহার করতে পারলে যথাসময়ে কাজ শেষ করা যাবে। তবে এখন পর্যন্ত শতভাগ কাজ আমরা পাইনি। চাপ অব্যাহত রেখেছি। তাদের তিনটি শর্ত পূরণ করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে— ফান্ড ও লোকবলের ঘাটতি দূর করা এবং মেজর সেফটি শতভাগ নিশ্চিত করা।

এসব শর্ত পূরণে চাপ অব্যাহত রাখার কথা জানিয়ে বিআরটি এমডি বলেন, শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত কাজ শুরুর অনুমতি দেওয়া হবে না। তবে শিগগিরই শর্ত পূরণের পর কাজ শুরু হবে।

তিনি বলেন, আমরা আশা করছি, ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে মেজর কাজগুলো শেষ হবে। বাকি কাজ ২০২৩ সালের মার্চের মধ্যে সম্পন্ন হবে। ওই বছরের জুনে প্রকল্পটি চালু করা যাবে বলে আমরা আশা করি।

জসীমউদ্দিনে গার্ডার দুর্ঘনার বিষয়ে শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টির তদন্ত চলছে। কার কার দায় আছে, সেটি তারা দেখবে। তবে কনসালটেন্টেরও দায়িত্ব থাকে।

বিগত ১০ বছর ধরে চলমান দেশের অন্যতম বড় প্রকল্প। এখন পর্যন্ত চার দফা বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। ৪ হাজার ২০০ কোটি টাকার ওপরে খরচ হচ্ছে ২০ কিলোমিটার সড়ক নির্মাণে। হিসেব বলছে, প্রতি কিলোমিটারে খরচ প্রায় ২৫০ কোটি টাকা। শুক্রবার ১১টি সংস্থার সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল পরিদর্শন করে এয়ারপোর্ট থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত পুরো বিআরটি প্রকল্প এলাকা।

এ প্রকল্পের আওতায় রয়েছে— এয়ারপোর্ট ফ্লাইওভার, জসীম উদ্দিন ফ্লাইওভার, হাউজবিল্ডিং থেকে স্টেশন পর্যন্ত নির্মিত ফ্লাইওভার, টঙ্গীতে ফ্লাইওভার অংশে নির্মাণাধীন স্টেশন, সমতলে নির্মাণাধীন স্টেশন (তারাগাছ স্টেশন), বিআরটি করিডোরের নির্বাচিত সড়কের অংশ, গাজীপুর চৌরাস্তা স্টেশন ও ফ্লাইওভার, বিআরটি ডিপো (নলজানি, গাজীপুর)।

গত ১৫ আগস্ট এই প্রকল্পের উত্তরা অংশে নির্মাণ চলাকালে ক্রেন থেকে গার্ডার পড়ে নিহত হন ৫ জন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন